মেডিকেল টেকনোলজিস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী থানা বর্তমানে একটি ছোট শহরে পরিণত হয়েছে। আধুনিকতার ছোঁয়া যেন এই হাটহাজারী উপজেলাকেও ছুঁয়ে গেছে। সঠিক রোগ নির্ণয়, সুষ্ঠু পরামর্শ ও উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের নিমিত্তে হাটহাজারী বাসস্ট্যান্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু করে আমান বাজার, চৌধুরীহাট, ফতেয়াবাদ, মদনহাট, সরকারহাট, কাটিরহাট পর্যন্ত গড়ে উঠেছে অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার।
এসব ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন শত শত রোগী রোগ নির্ণয় করার জন্য যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ৮০ ভাগ ডায়াগনস্টিক সেন্টারে নেই কোনো মেডিকেল টেকনোলজিস্ট। এমনকি হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডায়াগনস্টিক সেন্টারগুলোতেও নেই মেডিকেল টেকনোলজিস্ট। নামমাত্র টেকনিশিয়ান দ্বারা কাজ চালিয়ে যাচ্ছে এই ডায়াগনস্টিক সেন্টারগুলো।
অধিকাংশ ল্যাবে পিয়ন, আয়া, মাসি দিয়ে এক্স–রে, ইসিজি, রক্ত সংগ্রহ ও টেকনিশিয়ান দ্বারা প্যাথলজি, বায়োকেমিস্ট্রি, সেরোলজি ও হরমোনের কাজ করা হচ্ছে। যঁাদের নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা।
অথচ এসব যেন দেখার কেউ নেই। প্রশাসন যদি একটু কঠোর হয়, তাহলে হয়তো ডায়াগনস্টিক সেন্টারগুলো এভাবে আর মেডিকেল টেকনোলজিস্ট ছাড়া কাজ চালাতে পারবে না। এ অবস্থায় মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।
আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবে।
এ এস শ্রাবণ
হাটহাজারী, চট্টগ্রাম।