মেডিকেল টেকনোলজি শিক্ষা মেডিকেল সায়েন্সের গুরুত্বপূর্ণ অংশ। যেকোনো রোগীর সুস্থতায় প্রয়োজনীয় চিকিৎসার আগে দরকার সঠিক রোগনির্ণয়। কাজটি নির্ভুলভাবে করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেডিকেল টেকনোলজিস্টরা। মেডিকেল টেকনোলজি পড়তে বিজ্ঞান পড়া বাধ্যতামূলক, তা চিরাচরিত প্রথা। কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সেই প্রথাকে উপেক্ষা করে কলা ও বাণিজ্যের ছাত্রদের মেডিকেল টেকনোলজি পড়ার সুযোগ দিচ্ছে।
কথা হচ্ছে, স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পর্কিত মেডিকেল টেকনোলজির মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে থাকতে পারে না। এ রকম একটি গুরুত্বপূর্ণ বিষয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীনে থাকা উচিত। তাই স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর ও স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ছাড়া অন্য কোনো মন্ত্রণালয় বা বোর্ডের অধীনে এই শিক্ষা কার্যক্রম চলতে পারে না।
সরকারের নীতি অনুযায়ী, চিকিৎসা–সংক্রান্ত শিক্ষা পরিচালনা করবে স্বাস্থ্য মন্ত্রণালয়, অন্যান্য শিক্ষা পরিচালনা করবে শিক্ষা মন্ত্রণালয়। তাই আইনগত দিক থেকেও এটি অবৈধ। আমরা যদি জেনেশুনে এভাবে মেডিকেল টেকনোলজিস্ট হওয়ার সুযোগ রাখি, তাহলে স্বাস্থ্য খাতের অবস্থা আরও খারাপ হবে। রোগ নির্ণয় করাই কঠিন হয়ে উঠবে। ফলে মানুষের মৃত্যুর হার বেড়ে যাবে।
এই বিবেচনায় সরকারের উচিত, দ্রুত এই অবৈধ তৎপরতা বন্ধ করা।
আশীষ শীল শ্রাবণ
হাটহাজারী, চট্টগ্রাম।