বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী, চিকিৎসাসেবা কার্যক্রম সুষ্ঠুভাবে চালানোর জন্য একজন চিকিৎসকের বিপরীতে পাঁচজন মেডিকেল টেকনোলজিস্ট থাকা প্রয়োজন। কিন্তু ২০০৭ সালের আন্তমন্ত্রণালয় প্রতিবেদন অনুযায়ী, দেশে চারজন চিকিৎসকের বিপরীতে মেডিকেল টেকনোলজিস্ট আছেন একজনেরও কম। প্রতিবেদনে দেখা যায়, ২০০৬ সালে দেশে প্রতি ১৩ হাজার ৩১১ জন মানুষের জন্য মেডিকেল টেকনোলজিস্ট ছিল মাত্র একজন। আর মোট মেডিকেল টেকনোলজিস্টের সংখ্যা ১০ হাজার ৬৫৩।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, শূন্যপদ ও নতুন পদ সৃষ্টির মাধ্যমে গত আট বছরে দেশে ২০ হাজারের বেশি ডাক্তার ও নার্স নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু মেডিকেল টেকনোলজিস্টদের নতুন পদ সৃষ্টি তো দূরের কথা, ৫৫৫টি শূন্য পদের বিপরীতে কোনো মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হয়নি। অথচ দেশে বর্তমানে ডিপ্লোমা পাস বেকার মেডিকেল টেকনোলজিস্টদের সংখ্যা ৩০ হাজারেরও বেশি।
ফলে এরা বেকারত্বের অভিশাপ নিয়ে মানবেতর জীবন যাপন করছে। এ অবস্থায় দেশের বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারে শুধু ব্যবসায়িক স্বার্থে অদক্ষ ও যোগ্যতাহীন লোকজন দিয়ে রোগনির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।
মেডিকেল টেকনোলজিস্টদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য দ্রুত নিয়োগ দেওয়া দরকার। বলা বাহুল্য, সুষ্ঠুভাবে রোগ নির্ণয়ের জন্য এর বিকল্প নেই।
আশীষ শীল
চট্টগ্রাম।