মেধাবীদের দেশে থাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে বাংলাদেশের প্রধান সমস্যা যেমন নিরক্ষর দরিদ্র জনগণ, অন্যদিকে তার প্রধান সম্পদ হলো মেধাবী তরুণ সম্প্রদায়। এত প্রতিকূলতার মধ্যেও আমাদের সন্তানেরা প্রতিনিয়ত মেধার স্বাক্ষর রাখছে বিশ্বদরবারে। দূষিত আবহাওয়া, বিষাক্ত খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ, শিক্ষকদের দুর্নীতি, অস্থিতিশীল রাজনৈতিক আবহ ইত্যাদি মিলিয়ে প্রতিকূল পরিবেশে দেশের সন্তানেরা বেড়ে উঠছে। এত কিছু সত্ত্বেও তরুণ সম্প্রদায় দেশে থাকতে চায়, তাদের মেধা ও মনন দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়।

কিন্তু প্রতিনিয়ত দেশের কর্তাব্যক্তিদের লোভ ও দুর্নীতির কারণে তরুণ সম্প্রদায় ক্রমশ বিদেশমুখী হচ্ছে। এর ফলে দেশ হারাচ্ছে মেধাবী সন্তানদের। তার সঙ্গে দেশের অর্থও বিদেশে চলে যাচ্ছে। সম্প্রতি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে কাণ্ড ঘটে গেল, তা সত্যিই দুঃখজনক। একজন অভিভাবক হিসেবে আমি নিজেই আতঙ্কিত। হয়তো কিছুসংখ্যক শিক্ষার্থী প্রশ্ন পেয়েছে, কিন্তু কেন এই অনৈতিকতার কাছে আমাদের মেধাবী শিক্ষার্থীরা পরাজিত হবে? এভাবে যদি প্রতিটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়, তাহলে সৎ আর মেধাবীরা তো পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। ধীরে ধীরে এই দেশটা ভরে উঠবে মেধাহীন ও অযোগ্য মানুষে।

আমরা চাই আমাদের মেধাবী সন্তানেরা জানুক, সততা আর মেধার যোগ্য মূল্যায়ন এখনো এ দেশে আছে। যোগ্য মেধাবীরা দেশে থাকলেই তো দেশ এগিয়ে যাবে। অনুগ্রহ করে ওদের ভরসাস্থল নষ্ট করে দেবেন না। এর আগেও আমরা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় দুর্নীতির কারণে পুনরায় ভর্তি পরীক্ষা নিয়েছে।

সে কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, আরেকবার যাচাই-বাছাই করে দেখুন, সত্যি দুর্নীতি হয়েছে কি না। প্রয়োজনে পুনরায় মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা নিয়ে সৎ-মেধাবী শিক্ষার্থীদের দেশে থাকার সুযোগ করে দিন।

মুনিরা চৌধুরী, ধানমন্ডি, ঢাকা।