চাকরিস্বল্পতার জন্য বিসিএস ক্যাডারসহ সব সরকারি চাকরি যেন বাংলাদেশের লাখো বেকারের সোনার হরিণে পরিণত হয়েছে। এখানে মেধার চেয়ে কোটাকে প্রাধান্য দেওয়া হয়, মেধায় ৪৫ শতাংশ ও কোটায় ৫৫ শতাংশ নিয়োগ দেওয়া হয়। ২৭তম বিসিএসের ফল বিশ্লেষণ করে দেখা যায়, সেবার প্রশাসন ক্যাডারে মেধায় ১৩৪ জন ও বিভিন্ন কোটায় ১৫৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশ ক্যাডারে মেধায় ৬৮ ও কোটায় ৭৯ জন। পররাষ্ট্র ক্যাডারসহ প্রতিটি ক্যাডারেই মেধার চেয়ে প্রাধিকার কোটায় নিয়োগের সংখ্যাই বেশি। ২৮তম বিসিএসে প্রশাসন ক্যাডার মেধায় ৯০ ও প্রাধিকার কোটায় ১০০ জন, পুলিশে মেধায় ৯০ জন এবং কোটায় ৯৯ জন নিয়োগ পায়। (সূত্র: প্রথম আলো, ৩১ আগস্ট, ২০১৫)
লজ্জার বিষয় হলো, দেশে শিক্ষিত যোগ্যতাসম্পন্ন লাখো বেকার চাকরির অন্বেষণে ঘুরে বেড়ালেও কোটায় যোগ্যতাসম্পন্ন প্রার্থী
না থাকায় পদগুলো শূন্য রাখা হয়। ২৮তম বিসিএসে উপযুক্ত প্রার্থী না থাকায় মুক্তিযোদ্ধা সন্তান কোটায় ৬২৮, নারী কোটায় ৪৫, উপজাতীয় কোটায় ১৪০টিসহ মোট ৮১৩টি পদ খালি ছিল। ২৯তম বিসিএসে কোটার ৭৯২টি, ৩০তম বিসিএসে ৭৮৪টি ও ৩১তম বিসিএসে ৭৭৩টি পদ খালি রাখা হয়।
এমনকি ৩২তম বিশেষ বিসিএসে ১ হাজার ১২৫টি পদ শূন্য রাখা হয় (সূত্র: প্রথম আলো, ৩১ আগস্ট, ২০১৫)। যাঁরা রাষ্ট্রের নির্বাহী কাজ করবেন, তাঁদের নিয়োগ বা নির্বাচন প্রক্রিয়ায় যখন মেধার চেয়ে কোটা প্রাধান্য পায়, তখন সে রাষ্ট্র কেমন চলবে, তা আন্দাজ করা যায়।
কারণ, রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজন তীক্ষ্ণ মেধা ও দূরদর্শিতাসম্পন্ন নাগরিক, আর এই কাজ মেধাবীদের দ্বারাই সম্ভব। আশা করব, সরকার কোটার চেয়ে মেধাকেই প্রাধান্য দিয়ে রাষ্ট্রকে যোগ্য নেতৃত্বের হাতে অর্পণ করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
মো. ইকবাল হোসেন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।