মোটরযান অধ্যাদেশ সংশোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা বাংলাদেশের পরিবহন ব্যবসায়ীরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে বিদ্যমান মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে সংশোধন করা হচ্ছে। এ জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।
আমরা আরও জানতে পেরেছি, মোটরযান অধ্যাদেশের বর্তমান সংশোধনীতে পরিবহনের সঙ্গে সম্পৃক্তদের কোনো রকম অন্যায়, অপরাধ ও দুর্ঘটনা প্রভৃতির ক্ষেত্রে শাস্তি, জরিমানা দ্বিগুণ ও তিন গুণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। কথা হচ্ছে, মোটরযান অধ্যাদেশে যদি বাস্তবতাবিবর্জিত সংশোধনী আনা হয়, তাহলে সেটা দেশের ও দশের কল্যাণে আসবে না।
আমরা যাঁরা পরিবহন খাতের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাঁদের প্রস্তাব হলো: সময় ও যুগের সঙ্গে সংগতি রেখে দুর্ঘটনা ও অপরাধজনিত কারণে জরিমানার পরিমাণ ২০-২৫ শতাংশ বাড়ানো যেতে পারে। কোনো ক্রমেই এর বেশি বাড়ানো উচিত হবে না। মোটরযান অধ্যাদেশের সংশোধনী অবশ্যই বাস্তবভিত্তিক ও সহনীয় হওয়া উচিত।
মোটরযান অধ্যাদেশ সংশোধনীতে অনাকাঙ্ক্ষিতভাবে অপরাধজনিত জরিমানার পরিমাণ অতিরিক্ত করা হলে পরিবহন মালিক, শ্রমিক এবং পরিবহন খাতের সঙ্গে জড়িত ব্যক্তিদের মাঝে অসন্তোষ সৃষ্টি হবে, যেটা তারা মানতে পারবে না। তাই সংশোধনী বাস্তবভিত্তিক হওয়া প্রয়োজন।
মো. গোলাম নবী
সভাপতি,
ফেনী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ।