সেলফোন মানুষের হাতের মুঠোয় থাকে, যার আয়তন খুবই কম। সেই মোবাইল ফোন এখন মানুষের জীবনের প্রায় সবটুকু জুড়ে আছে। এই মুঠোফোনের মাধ্যমে পারস্পরিক কথা বলা ছাড়াও আরও নানামুখী বিনোদন লাভের ব্যাপক সুযোগ আছে। মোবাইলে এখন বেতারের অনুষ্ঠান শোনা যায়। বেতারের ফোন ইন অনুষ্ঠানেও অংশগ্রহণ করা যায়। কম্পিউটার যন্ত্র বাড়িতে না থাকলেও শুধু মুঠোফোনের আয়তনেই ফুটে ওঠে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, সেখানে মেসেজ আদান–প্রদান, ছবি আদান–প্রদান সবই করা সম্ভব।
নেটওয়ার্কিংয়ে ‘সামাজিক’ শব্দটি থাকলেও প্রকৃতপক্ষে মানুষ আরও অসামাজিক হয়ে উঠছে। আত্মীয় বা বন্ধুর সঙ্গে দেখাসাক্ষাৎ বা তাদের বাড়িতে যাওয়া-আসা যেন দিন দিন হারিয়ে যাচ্ছে। আবার সেলফোনের বিপজ্জনক দিক রয়েছে। উদাসীন ব্যক্তি ফোনে কথা বলতে বলতে দুর্ঘটনাকবলিত হচ্ছেন, ধাবমান ট্রেনের সামনে সেলিফ তুলছেন। মোবাইল ফোন এখন মানুষের নিয়ন্ত্রণাধীন নয়, বরং মানুষই তার নিয়ন্ত্রণাধীন।