যশোর বিমানবন্দরে ইজারাদার ও ভিখারিদের অত্যাচারে এখানে আগত যাত্রী ও তাঁদের সহযাত্রীরা মারাত্মক অস্বস্তিতে পড়ছেন। অথচ কর্তৃপক্ষ এ ব্যাপারে নির্বিকার।
যশোর বিমানবন্দরে পৌঁছার পর প্রথমেই দেখা হবে ভিখারির সঙ্গে। সে পুরুষও হতে পারে আবার নারীও হতে পারে। পুরো বিমানবন্দরই একরকম ভিখারিদের দখলে। এরপর আছেন টোল আদায়কারী ইজারাদারদের লোকজন। যশোর বিমানবন্দর লাউঞ্জে ঢুকলেই ৫০ টাকা দিতে হবে। দেশের অন্য বিমানবন্দরে এমন উৎপাত আছে বলে আমার জানা নেই। আবার গাড়ি পার্ক করতে না করতেই ইজারাদারের লোক হাজির। তাঁদের দুর্ব্যবহারে আগত যাত্রীরা বিরক্তিবোধ করলেও কারও কিছু আসে-যায় না। ভিখারি ও ইজারাদারদের অত্যাচারে সবাই অতিষ্ঠ।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সব রুটে নতুন এয়ারবাস চালু করেছে। এ অবস্থায় বিমানবন্দরে এমন ভোগান্তি থাকলে মানুষ বিমানযাত্রায় উৎসাহিত হবে না।
আকতারুল আলম, লোহাগড়া, নড়াইল।