ঢাকা যানজটের শহর। যানজট যে কত ভয়াবহ, সাধারণ মানুষ তা ভালোভাবে অনুভব করে। এই শহরে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার আগে চিন্তা করতে হয়, তাকে নিয়ে হাসপাতালে পৌঁছানো সম্ভব কি না। এর কারণ হলো, ঢাকা শহরের তীব্র যানজট। যানজটের কারণে সাধারণ মানুষের দুঃখের সীমা থাকে না। এখানে অফিসে যাওয়ার জন্য কমপক্ষে এক ঘণ্টা সময় হাতে নিয়ে বেরোতে হয়। আর ফেরার সময় দুই ঘণ্টা সময় নিয়ে বেরোতে হয়। আর পবিত্র রমজানের সময় তো এই যানজট চরমে পৌঁছে।
এভাবে জীবন থেকে প্রতিদিন তিন-চার ঘণ্টা সময় হারিয়ে যায়। যানজট মানুষের প্রতি মানুষের অবিশ্বাসের কারণও বটে, কারণ, যানজটের অজুহাত মানতে চায় না কেউই। যানজট শুধু ব্যক্তির সময় নষ্ট করে না, তার আর্থিক, মানসিক ও শারীরিক ক্ষতি বয়ে নিয়ে আসে। শুধু ব্যক্তিরই নয়, এ কারণে আমাদের জাতীয় জীবনেও আর্থিক ক্ষতি হচ্ছে, বিনিয়োগ বাড়ছে না। বিদেশি বিনিয়োগকারী ও উদ্যোক্তারাও এখানে আসতে আগ্রহী হচ্ছে না। তাই অবিলম্বে যানজট মোকাবিলায় প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
মেহেরীন হোসেইন
শিক্ষার্থী, সাউথইস্ট ইউনিভার্সিটি, ঢাকা।