যানজটে নাকাল নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শহর বিশ্বের মধ্যে ১১তম মেগাসিটি। এর লোকসংখ্যা কত, সঠিকভাবে তা বলা মুশকিল। সরকারি-বেসরকারি অফিস, নানা সংগঠন ও ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিল্পকারখানার কেন্দ্রবিন্দু হওয়ার কারণে প্রতিদিনই এই শহরে লোকসংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
কিন্তু এই জনবহুল নগরে জনসংখ্যার তুলনায় নগরের রাস্তাঘাট ব্যাপক প্রশস্ত না হওয়া, রাস্তার ওপরে হকারদের দোকান, রাস্তা দখল করে মার্কেট নির্মাণের কারণে রাস্তাগুলো সংকীর্ণ হয়ে পড়েছে। এভাবে অবৈধভাবে দখল ও ট্রাফিক আইন অমান্য করার কারণে নগরবাসী প্রতিনিয়ত দুর্ভোগের স্বীকার হচ্ছেন।
১৫ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘ব্যস্ত সড়কে অবৈধ পার্কিং’ শিরোনামে খবর প্রকাশ করার মধ্য দিয়ে নগরবাসীর অসহনীয় দুর্ভোগের বিষয়টি আরও ভালোভাবে তুলে ধরা হয়েছে।
১৩ সেপ্টেম্বর সোনালী ব্যাংকের লিখিত পরীক্ষার উদ্দেশে্য যাত্রাবাড়ী থেকে তিন ঘণ্টার সময় নিয়েও সময়মতো পৌঁছাতে পারিনি। আমরা প্রায় অনেকেই ওই দিন এই মহা অভিশাপ থেকে মুক্তি পাইনি।
নগরবাসী এভাবে প্রতিনিয়ত অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করছেন, রোগীকে নিয়ে অভিভাবক গাড়িতে বসে মৃত্যু অবলোকন করছেন। এভাবে যানজটের ভয়াবহতা লিখে শেষ করা যাবে না।
কিন্তু সরকার ইতিমধ্যে কিছু ফ্লাইওভার নির্মাণের মাধ্যমে কিছুটা যানজট প্রশমন করেছে। পাশাপাশি অবৈধ পার্কিং নিষিদ্ধ, অবৈধ দখলদার উচ্ছেদ, হকারদের উচ্ছেদসহ নানা উদ্যোগ গ্রহণ করে প্রয়োজনে আইন তৈরি করতে হবে।
আর বিশেষ করে রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য একটি স্থান (সোহরাওয়ার্দী উদ্যান) নির্দিষ্ট করে দেওয়া সরকারের গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বলে বিবেচিত হবে।
তাই মাননীয় যোগাযোগমন্ত্রীর কাছে আকুল আবেদন, আপনি এই বিশেষ উদ্যোগটি গ্রহণ করে আপনার কাজের
সুনাম অক্ষত থাকুক আমাদের দেশে, এই কামনা করছি।
মো. আশরাফ উদ্দিন
যাত্রাবাড়ী, ঢাকা।