গাইবান্ধা উত্তর জনপদের একটি গুরুত্বপূর্ণ শহর হওয়া সত্ত্বেও বহুকাল ধরে সুবিধাবঞ্চিত ও অবহেলিত। উন্নয়নের ধারা বাংলাদেশের অন্যান্য শহরে পৌঁছালেও গাইবান্ধায় যেতে পারেনি। জনসংখ্যা বেড়েই চলেছে, কিন্তু সে তুলনায় রাস্তাঘাটের উন্নয়ন হয়নি।
বর্তমানে গাইবান্ধার সবচেয়ে ভয়াবহ সমস্যা হচ্ছে যানজট। আমরা যারা অফিসগামী, বিভিন্ন পেশার জন্য বাইরে যাই, তাদের জন্য যানজট মহাসমস্যা। যানজটের কারণে যথাসময়ে অফিসে উপস্থিত হতে পারি না।
যানজটের প্রধান কারণ হচ্ছে পুরো শহরে একটি মাত্র রাস্তা। সেই রাস্তা দিয়ে গাইবান্ধার সাতটি উপজেলায় যাতায়াত করতে হয়। ফলে প্রতিদিন ভয়াবহ যানজট সৃষ্টি হয়। এর থেকে পরিত্রাণ পেতে হলে একটি বাইপাস সড়ক নির্মাণ খুব জরুরি।
বাইপাস সড়ক হলে শুধু যানজটের সমাধান হবে না, উন্নয়নেরও গতি বেড়ে যাবে। কারণ, উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হচ্ছে ভালো যোগাযোগব্যবস্থা। মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা গেলে কাজে গতি আসবে। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া সহজ হবে। ফলে স্বাভাবিকভাবেই অর্থনৈতিক কার্যক্রম বেড়ে যাবে।
কিন্তু আমরা বারবার দাবি জানালেও এখনো প্রতিকার পাইনি।
সিদ্দিকা ফেরদৌস
গাইবান্ধা।