সরকারের নির্দেশনা অনুসারে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা ভিআইপি মর্যাদায় সরকারি পরিবহন, যেমন রেলওয়ে, বিআরটিসির কোচ, বাস ও জলযানে সর্বোচ্চ শ্রেণিতে বিনা ভাড়ায় ভ্রমণ করার সুযোগ পেয়েছেন। অথচ সরকারি জলযানে চলাচলের ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষ এই সুবিধা না দিয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রায়ই হয়রানিমূলক ও অবমাননাকর আচরণ করছে। তারা বলে এই সুবিধা নিতে হলে, ঢাকায় অবস্থিত প্রধান কার্যালয় থেকে পাস সংগ্রহ করতে হবে।
অথচ মুক্তিযুদ্ধ–বিষয়ক মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত ফটো আইডির পেছনে বিনা ভাড়ায় ভ্রমণের বিষয়ে সুস্পষ্ট সরকারি নির্দেশ রয়েছে। অনেক সময় যানবাহনের স্টাফরা তাঁদের তৃতীয় শ্রেণিতে ভ্রমণের জন্যও পীড়াপীড়ি করে, যা আরও বেশি গ্লানিময় ও বিব্রতকর। এ ধরনের অমর্যাদা ও অসদাচরণ থেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এ এম জি কবির, বরিশাল।