দেশের বিভিন্ন পত্রপত্রিকা পড়ে জানতে ও দেখতে পেলাম, দেশের সব এলাকার রাস্তাঘাটেরই করুণ অবস্থা, পিচ ঢালা রাস্তাগুলো জায়গায় জায়গায় ক্ষতবিক্ষত অবস্থায় এবং ইট বিছানো রাস্তাগুলো জায়গায় জায়গায় নড়বড়ে অবস্থায় রয়েছে। আসলে কোনো দেশের মানুষকে সচল রাখতে চাইলে প্রথমেই যোগাযোগব্যবস্থা সচল রাখতে হবে।
আগে দেশের প্রতিটি নৌপথ সচল ছিল বলে দেশের মানুষ নৌপথে এক এলাকা থেকে আরেক এলাকায় যাতায়াত করতে পারত। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে দেশের বেশির ভাগ নৌপথই অচল অবস্থায় পড়ে রয়েছে।
এদিকে স্থলপথও যদি বর্তমানে অচল হয়ে পড়ে, তাহলে আকাশপথ ব্যতীত যাতায়াত করার উপায় থাকবে না। আর আকাশপথেও দেশের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাতায়াত করার মতো পরিস্থিতি আমাদের দেশে নেই, এটা খুব ব্যয়বহুল।
তাই যোগাযোগব্যবস্থা সচল রাখার লক্ষ্যে বর্তমান সরকারের আরও বেশি সক্রিয় হওয়া প্রয়োজন। অর্থনীতির উন্নয়নের জন্য এর বিকল্প নেই।
দিপু প্রামাণিক
ঢাকা।