রপ্তানি আয় অবশ্যই যেকোনো দেশের অর্থনৈতিক অগ্রগতির নির্দেশক। রপ্তানি বাড়ানোর জন্য প্রতিটি দেশের সরকারেরই সুনির্দিষ্ট উদ্যোগ থাকা প্রয়োজন।
প্রয়োজন হচ্ছে সময়োপযোগী শিল্পনীতির, যা প্রতিটি রপ্তানি খাতের জন্য যথেষ্ট প্রণোদনাপূর্ণ। কিন্তু আমাদের দেশের দৃশ্য সম্পূর্ণ বিপরীতই বলা চলে।
২০১৪-১৫ অর্থবছরে পণ্য রপ্তানিতে আয় হয়েছে ৩ হাজার ১২০ কোটি মার্কিন ডলার, এ খাতে প্রবৃদ্ধি মাত্র ৩ দশমিক ৩৫ শতাংশ। এই হার গত ১৩ অর্থবছরের মধ্যে সর্বনিম্ন। এই নিম্ন প্রবৃদ্ধি আমাদের দিকে কিসের ইঙ্গিত দেয়? দেশের রাজনৈতিক অস্থিরতার কারণেই রপ্তানি আয়ের এই নিম্ন প্রবৃদ্ধি বলে জানিয়েছেন শীর্ষ ব্যবসায়ী এবং রপ্তানিকারক সংগঠনগুলো।
দেশের রাজনৈতিক দলগুলোর মতবিরোধ বা অসহিষ্ণু মনোভাবের জাঁতাকলে পড়তে হচ্ছে সাধারণ ব্যবসায়ীদের। নিজেদের স্বার্থ রক্ষায় তাঁরা এতটাই ব্যস্ত যে সমগ্র দেশের উন্নয়ন তাঁদের কাছে তুচ্ছ।
রাজনৈতিক অস্থিতিশীলতায় বিদেশি বিনিয়োগ যেমন কমেছে, দেশীয় উদ্যোক্তারাও এখন বিনিয়োগ করতে সাহস পাচ্ছেন না। যেখানে দলগুলোর উচিত ছিল সবার জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, সেখানে তারা এমনই এক প্রতিকূল অবস্থার সৃষ্টি করেছে যে রীতিমতো পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করে ব্যবসায়ীদের টিকে থাকতে হচ্ছে। রপ্তানি প্রবৃদ্ধির কথা চিন্তা করা তো আকাশকুসুম কল্পনা।
পরিস্থিতির উত্তরণ না ঘটলে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি বাড়বে না। এটা দেশের জন্য ভালো নয়। এই বিষয়ে সবাইকে উদ্যোগী হতে হবে।
অনিন্দিতা দে
শিক্ষার্থী, শাবিপ্রবি।