রাজনীতি, তুমি কার?
বর্তমানে দেশে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। রাজনীতির দুষ্ট চরিত্রের কারণে জ্বালাও-পোড়াও, ভাঙচুর, পঙ্গুত্ব, গুম, হত্যা প্রতিপক্ষকে আক্রমণ সংখ্যালঘুদের ওপর হামলা ধর্মীয় উপাসনালয়ে আগুন থামছে না। পুলিশি গ্রেপ্তার, চাঁদাবাজি, ধর্মের বিকৃতি ও অর্থনীতির চালিকাশক্তির সামনে হরতাল নামের দাবানল-দানবের দৌরাত্ম্য এবং বহির্বিশ্বে স্বর্ণোজ্জ্বল ভাবমূর্তি ক্ষুণ্নের পাশাপাশি ধ্বংসাত্মক ও হিংসাত্মক মনোভাব দেখে মনে প্রশ্ন জাগছে, ‘রাজনীতি, তুমি কার?’
দুর্বৃত্তের আগুনে বাস-ট্রাক-ট্রেনের পাশাপাশি যখন রাষ্ট্রের অবহেলিত দরিদ্র জনগোষ্ঠীর অন্নসংস্থান দাউ দাউ করে জ্বলে, তখন দূরে দাঁড়িয়ে তাদের বুকফাটা কান্নায় এই প্রশ্নটি আবারও ভাবি এ কেমন রাজনীতি? অন্নের থালায় ওড়ে আগুনের ছাই। রাজপথ যখন বুলেট, বোমা, কাঁদানে গ্যাস, পেপার স্প্রে, টিয়ার শেল আর রক্তে রঞ্জিত লাশের সারিতে একাকার; তখন একবাক্যে আমার সঙ্গে আপনিও গলার স্বর উঁচু করে বলবেন, এ কোন রাজনীতি?
রাজনীতি এখন দলবাজ, চাঁদাবাজ আর সন্ত্রাসের আশ্রয়খানা। কথায় কথায় আক্রমণ করে সংখ্যালঘুদের। আগুনে জ্বলে তাদের ঘরবাড়ি। রাজনীতির ব্যানারে ধর্মান্ধ মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর একের পর এক হামলা চালিয়ে জাতিকে ভীতসন্ত্রস্ত করে তুলছে। যে রাজনীতি বিচারের নামে পক্ষপাতিত্ব করে জাতিকে পঙ্গু করছে আর সন্ত্রাস বানিয়ে ক্রসফায়ারে দিচ্ছে, মানুষ খুন করে পেট কেটে ইট বেঁধে নদীতে ফেলছে, সেই রাজনীতি নষ্ট রাজনীতি ছাড়া আর কিছুই হতে পারে না।
রাজনীতি আজ বহু মতাদর্শে সঠিক পথ হারিয়ে উল্টো পথে হাঁটছে। বর্তমান রাজনীতি অর্থ আর বাহুবলকে স্বাগত জানিয়ে ফুলের মালা পরিয়ে সানন্দে গ্রহণ করে। যোগ্যতার মাপকাঠিতে অতীতে প্রকাশ্যে অস্ত্র হাতে চাঁদাবাজি, সন্ত্রাস কিংবা ধর্ষণের মতো জঘন্য অপরাধও বাধা হতে পারে না। বরং অনেকাংশে এসব অপরাধ প্রশংসা হয়ে প্রার্থীর যোগ্যতাকে আরও বাড়িয়ে দেয়। আর এমন ব্যক্তি রাজনৈতিক সমর্থন পাওয়া মানে প্রকাশ্যে অপরাধের জন্য ট্রেড লাইসেন্স পাওয়া একই কথা। অতীতের মতো সৎ-যোগ্য-নিষ্ঠাবান কিংবা ত্যাগী সংগঠক কি বর্তমান রাজনীতিতে নেই, যাদের হাত ধরে সুষ্ঠু ধারার রাজনীতি আবার ঘুরে দাঁড়াবে? হবে কলঙ্কমুক্ত?
সচেতন মহল কি আজ বুঝে-শুনে চুপ থাকছে? নাকি ভয় পাচ্ছে? রাজনীতির দুর্দিনে আর কত দিন এভাবে চুপ থাকবেন? আমরা ভুলে গিয়েছি কীভাবে আমরা স্বাধীনতা পেয়েছি? পেয়েছি মায়ের মুখের ভাষা? তেমনি আবার কি জেগে উঠতে পারি না? সমঝোতার পথ কি আমরা তৈরি করতে পারি না?
আরিফ চৌধুরী, ঢাকা।