রাজশাহীতে গ্যাস-সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহে সরকারের উচ্চপর্যায়ের কমিটি পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির (পিজিসিএল) আওতায় ঈশ্বরদী, সিরাজগঞ্জ, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে ৩১৯টি শিল্পে গ্যাস-সংযোগ দেওয়ার সিদ্ধান্ত প্রদান করলেও শুধু রাজশাহীকে বাদ দেওয়া হয়েছে। এই চরম বৈষম্যমূলক সিদ্ধান্ত রাজশাহীর মানুষকে খুবই মর্মাহত করেছে।
২০১১ সালের ২০ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভায় শিল্প প্রসারের লক্ষ্যে রাজশাহীর শিল্পকারখানায় গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে গ্যাস-সংযোগ পাওয়ার আশায় অনেক উদ্যোক্তা নিজস্ব উদ্যোগে অর্থ বিনিয়োগ করে প্রতিষ্ঠান থেকে মেইন লাইন পর্যন্ত গ্যাস পাইপলাইন বসিয়েছেন এবং শতকোটি টাকা বিনিয়োগ করে শিল্পকারখানা নির্মাণ করেছেন।
এ অবস্থায় রাজশাহীতে গ্যাস-সংযোগ বন্ধ করে দেওয়ায় তাঁরা চরমভাবে হতাশ, নিশ্চিতভাবে তাঁদের প্রচুর লোকসান গুনতে হবে।
শুধু রাজশাহীতে নতুন সংযোগ বন্ধের চরম বৈষম্যমূলক এই সিদ্ধান্ত বাতিল করে দেশের অন্যান্য অঞ্চলের মতো এখানে নতুনভাবে গড়ে ওঠা শিল্পকারখানায় অতিসত্বর গ্যাস-সংযোগ প্রদানের দাবি করছি, যদি প্রয়োজনীয় পরিমাণ গ্যাস থাকে।
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।