চাঁদপুর সদর উপজেলার নিউ কারাগার সড়কটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এটি সদর বাবুরহাটের পূর্ব-দক্ষিণের সঙ্গে চাঁদপুর শহরের প্রবেশদ্বারও বটে। এ রাস্তা দিয়ে দৈনিক সিএনজিচালিত অটোরিকশা, অটোরিকশা, মালবাহী ট্রাক্টরসহ নানা প্রকার যানবাহন চলাচল করে। বিশেষ করে ‘শিক্ষাপ্রতিষ্ঠানের এলাকা’খ্যাত এ স্থানে আসা-যাওয়ার জন্য শিক্ষার্থীদের একমাত্র পথ এ রাস্তাটি।
সদর হাসপাতালসহ দেশের বিভিন্ন এলাকায় আসা-যাওয়ার জন্য এ এলাকার মানুষের একমাত্র অবলম্বনও এটিই। বর্তমানে রাস্তাটির অবস্থা বেশ করুণ। এটিতে অগণিত গর্ত আছে। আর ভাঙন এত চরম যে যাত্রীদের জীবনহানি ও হতাহতের মতো ঘটনা ঘটছে।
বিদ্যালয়গামী শিক্ষার্থী ও কর্মব্যস্ত মানুষের সময় অপচয়ের পাশাপাশি অনিরাপদ এমন আতঙ্ক সব সময় বিরাজ করে। বলাবাহুল্য, কর্তৃপক্ষ এ বিষয়টি সম্পর্কে অবগত হয়েও কেন নিশ্চুপ থাকছে, তা বোধগম্য নয়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।
মোহাম্মদ রাজীব খান
কুমারডুগী, চাঁদপুর সদর, চাঁদপুর।