বর্ষার প্রকৃতি অনেক সুন্দর। কখনো রোদ আবার কখনো বৃষ্টি। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য বা ভালো লাগা বেশিক্ষণ স্থায়ী হয় না। কারণ, কয়েক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে যায় ঢাকা শহরের বিভিন্ন সড়ক। বৃষ্টি হলেই যানজট ও জলজটে নাকাল হয়ে পড়ে নগরবাসী।
এই রকম সমস্যাকবলিত একটি সড়ক হলো নন্দীপাড়া ব্রিজ সড়ক। এই রাস্তাটি মূলত ঢাকার বাসাবো, বিশ্বরোড, মাদারটেক, নন্দীপাড়া দিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত।
প্রতিদিন আসা-যাওয়ার কারণে দেখতে পারি যে নন্দীপাড়া ব্রিজ থেকে ব্যাংক কলোনি পর্যন্ত রাস্তায় ইট-সুড়কি উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। তা ছাড়া, সামান্য বৃষ্টি হলেও এই জায়গায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর মধ্যেই বিভিন্ন স্কুল, কলেজ ও সরকারি–বেসরকারি কর্মকর্তা, কর্মচারীদের স্টাফ বাসসহ সিএনজিচালিত অটো, লেগুনাসহ নানা রকম যানবাহন চলাচল করে।
জনসাধারণ ও শিক্ষার্থীরা এই পানি পার হয়ে যাওয়ার কারণে প্রতিদিন রিকশা কিংবা যানবাহন দুর্ঘটনার শিকার হয়। এই জলাবদ্ধতা কয়েক দিন পর্যন্ত থাকে।
তাই এই রাস্তাটি সংস্কার করে, পরিকল্পিত ড্রেনেজ সিস্টেম চালু, নালা-নর্দমাগুলো পরিষ্কার এবং আশপাশের ময়লার খাল পরিষ্কার করে এই দুর্ভোগ থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।
মো. আশরাফ উদ্দিন
যাত্রাবাড়ী, ঢাকা।