ময়মনসিংহ বর্তমানে বাংলাদেশের সর্বশেষ স্বীকৃত বিভাগ। এ শহরে প্রবেশের রাস্তা যেমন প্রশস্ত, ঠিক তেমনি পর্যাপ্ত পরিমাণ যানবাহন চলাচলের জন্য রয়েছে সব ধরনের ব্যবস্থা। কিন্তু শহরের ভেতরের রাস্তায় ঠিক তার বিপরীত চিত্র দেখা যায়। শহরের বিভিন্ন পয়েন্টের রাস্তা খুবই বেহাল পড়ে আছে। একই রুটের রাস্তায় একই সঙ্গে বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চালানো হচ্ছে। তাই শহরের বিভিন্ন জায়গায় একটু পরপর জ্যামে আটকে থাকতে হয় যাত্রীদের।
বিশেষ করে, ব্রিজের মোড়, গাঙিনার পাড়, টাউন হলের মোড়—এসব রুটে প্রতিনিয়ত জ্যাম লেগেই থাকে। রাস্তাঘাটের অবস্থাও ভালো নয়। রাস্তা এবড়োখেবড়ো হয়ে পড়েছে। এ ছাড়া রয়েছে ছোট ছোট গর্ত। এতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা নিয়মিত বেড়ে চলেছে। এ ছাড়া যাত্রীদের আলাদাভাবে চলাচলের জন্য ফুটপাতের ব্যবস্থাও নেই। বর্ষাকালে এই দুর্ভোগ অনেকাংশে বেড়ে যায়। রাস্তাঘাটে পানি ওঠে, ফলে যাত্রীদের কষ্ট আরও বেড়ে যায়। বর্ষার আগেই সরকার এ সড়ক সংস্কারে ব্যবস্থা নেবে বলে আশা করা যায়।
নুরজাহান স্মৃতি, ময়মনসিংহ।