রাস্তাটি সংস্কার করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-সিলেট মহাসড়ক দেশের একটি ব্যস্ততম মহাসড়ক। দেশের বিভিন্ন স্থান থেকে দৈনন্দিন হাজার হাজার যানবাহন এ রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে। বর্তমানে কংসনগর থেকে দেবীদ্বার উপজেলা পর্যন্ত রাস্তাটির অবস্থা অত্যন্ত শোচনীয়। রাস্তাটি প্রায় বিধ্বস্ত। 
সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে রাস্তাটি যানবাহন চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। ভারী যানবাহন চলাচলের কারণে সড়কটির অবস্থা বেহাল হয়ে পড়েছে। স্থানে স্থানে বহু গর্তের সৃষ্টি হয়েছে। অত্যন্ত সতর্কতার সঙ্গে চালকদের গাড়ি চালাতে হচ্ছে। প্রায়ই দুর্ঘটনা ঘটছে। রাস্তাটির বিভিন্ন স্থানে এমনই গর্তের সৃষ্টি হয়েছে যে, যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে চলাই দুষ্কর।
সড়ক বিভাগের অবহেলার কারণে দীর্ঘদিন ধরে রাস্তাটি মেরামত করা হচ্ছে না। দেশের এ গুরুত্বপূর্ণ রাস্তাটির উপযোগিতা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। রাস্তাটির দ্রুত সংস্কার করা না হলে একদিকে যেমন সরকারের আর্থিক ক্ষতি হবে, তেমনি জনসাধারণের কষ্টেরও সীমা থাকবে না।
যোগাযোগমন্ত্রী ও প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়টির গুরুত্ব অনুধাবন করে এর প্রতি দৃষ্টি দেবেন কি?
সফিক উদ্দিন আহমেদ, কুমিল্লা।