নাটোর জেলার সিংড়া থানার পুকুর গ্রাম নামে পরিচিত ৩ নম্বর ইটালী ইউনিয়নের পাকুড়িয়া একটি বর্ধিষ্ণু গ্রাম। এ গ্রামের শতকরা ৯০ ভাগ মানুষ মৎস্য চাষের সঙ্গে জড়িত। পাকুড়িয়া গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চবিদ্যালয়, একটি ডাকঘর, একটি ভূমি অফিস ও একটি বড় বাজার আছে।
গ্রামটি ইটালী ইউনিয়নের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। তাই এই গ্রামে পার্শ্ববর্তী অনেক গ্রাম বা এলাকা থেকে অনেক মানুষের সমাগম হয়। এ গ্রাম থেকে জামতলী মহাসড়ক পর্যন্ত এক কিলোমিটার পাকা রাস্তা রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, রাস্তাটির এমন বেহাল অবস্থা যে, সামান্য বৃষ্টিতেই কাদা হয়ে তা আর চলাচলের উপযোগী থাকে না।
মৎস্যচাষিরা সঠিক সময়ে রাস্তার বেহাল অবস্থার কারণে আড়তে মাছ পৌঁছাতে পারেন না। শিক্ষক ও ছাত্ররা সঠিক সময়ে বিদ্যালয়ে যেতে পারেন না। ইতিমধ্যে বেশ কয়েকজন যানবাহনের দুর্ঘটনায় পঙ্গু হয়েছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন, রাস্তাটি দ্রুত সংস্কার করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব করুন।
মো. উজ্জ্বল হোসেন, সিংড়া, নাটোর।