দেশে এমন একটা রীতি চালু আছে যে, কিছু হলেই আমরা রাস্তা আটকে দাঁড়িয়ে যাই। কোনো দুর্ঘটনা, অপ্রীতিকর ঘটনা, হত্যাকাণ্ডসহ নানা ঘটনার ক্ষেত্রে রাস্তায় মানববন্ধন, মিছিল, আলোচনা সভা ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বেশির ভাগ ক্ষেত্রে এগুলো প্রধান সড়ক অথবা বাজারের কাছে অথবা জনবহুল এলাকায় অনুষ্ঠিত হয়। কিন্তু এ কারণে স্বাভাবিকভাবেই রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়, নষ্ট হয় কর্মঘণ্টা। এ জন্য যানবাহনের জ্বালানির অপচয় হয়, ছাত্রছাত্রীরা স্কুল–কলেজে সঠিক সময়ে পৌঁছাতে পারে না, অ্যাম্বুলেন্সে থাকা রোগীর জীবন বিপন্ন হয়। তাই এসব মানববন্ধন, মিটিং, মিছিল, বিক্ষোভ নির্ধারিত স্থানে করা হলে জনগণ এ সমস্যা থেকে মুক্তি পাবে।
রাজনৈতিক দলগুলো মনে করে, জনাকীর্ণ স্থানে সমাবেশ না করলে মানুষ তাদের কর্মসূচি সম্পর্কে জানতে পারবে না। আমাদের কথা হচ্ছে, তারা যদি জনবান্ধব দাবি তোলে, তাহলে মানুষ দূরে গিয়েও তাদের কথা শুনবে।
সালেহীন সোয়াদ সাম্মী
ফরিদপুর।