কাল ৫ আগস্ট ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে শুরু হতে যাচ্ছে বিশ্ব ক্রীড়ার সর্ববৃহৎ আসর অলিম্পিক গেমস তথা রিও অলিম্পিক, ২০১৬। অলিম্পিক ইতিহাসে ৩১তম আসর হলেও বাংলাদেশের জন্য এটি নবম। এবারের স্বপ্নের এই ক্রীড়াযজ্ঞে বাংলাদেশ পাঁচটি ডিসিপ্লিনে অংশগ্রহণ করবে। যার মধ্যে রয়েছে গলফ, শুটিং, সাঁতার, অ্যাথলেটিকস ও আর্চারি। আর এসব ডিসিপ্লিনে পদক জিততে লড়বে বাংলাদেশের স্বনামধন্য সাতজন ক্রীড়াবিদ।
পাঁচটি ডিসিপ্লিনে এবার সাতজন ক্রীড়াবিদ অংশগ্রহণ করলেও বাংলাদেশের লাল–সবুজের পতাকা বহন করবেন গলফার সিদ্দিকুর রহমান, যা ১৬ কোটি বাঙালির জন্য গৌরবের। কেননা, এই পতাকা বহনের মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশের মাথা উঁচু হবে। তা ছাড়া এবারের অলিম্পিকে বাংলাদেশের ক্রীড়াবিদেরা পদক জিতে ১৬ কোটি বাঙালির স্বপ্ন পূরণের পাশাপাশি বাংলাদেশকে আরও উচ্চ আসনে প্রতিষ্ঠিত করবে। বাংলাদেশ আগামী দিনে আরও বেশি খেলায় অংশ নেবে ও পদক জিতবে—এমনটাই আমাদের প্রত্যাশা।
মো. মানিক উল্লাহ , সিরাজগঞ্জ।