দীর্ঘদিন ধরে সরকারি ব্যাংকিং খাতে নানা অনিয়ম ও জালিয়াতি মানুষের গা সওয়া হয়ে গেছে। মানুষ ধরে নিয়েছে, এহেন অনিয়ম হবে। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকের রক্ষিত টাকা খোয়া যাওয়ায় দেশের ভবিষ্যৎ নিয়ে সচেতন মানুষের শঙ্কা বেড়ে গেছে।
ফেডারেল ব্যাংকে বিভিন্ন দেশের ২৫০টি হিসাব থাকলেও বাংলাদেশ ব্যাংকের হিসাবেই হ্যাকাররা ঢুকতে সক্ষম হয়। কেন্দ্রীয় ব্যাংকের কেউ এ কাজ করেছে কি না, তা আমরা জানি না। সেটা না হলে বলতে হবে, এটা আমাদের অদক্ষতা।
এ অদক্ষতা ও অজ্ঞতা দেশের সর্বত্রই আজ বিরাজমান। যোগ্য মানবসম্পদের অভাবে বেসরকারি খাতের ব্যবসা-বাণিজ্যও বিপদগ্রস্ত। যারা উৎপাদন ব্যবসার সঙ্গে জড়িত, তারা জানেন, অনেক বিএসসি ইঞ্জিনিয়ার আধুনিক মেশিনের নাট-বোল্ট খুলতে ও
টাইট দিতে অপারগ। তারা ফোরম্যানের পিছু পিছু হাঁটেন। এমবিবিএস পাস করা একশ্রেণির ডাক্তার রোগীদের আতঙ্কে পরিণত হয়েছেন। আমরা যেন কিছুই ভালোভাবে করতে পারি না।
কথা হচ্ছে, যথাস্থানে যথা ব্যক্তিকে বসাতে হবে। কথায় নয়, বঙ্গবন্ধুকে অনুসরণ করতে হবে কাজে। অন্যথায় আমরা ফ্লাইওভার বানাব, কিন্তু ওপর থেকে রড পড়ে জীবননাশ হবে, নকশা ভুল হবে আর সৃষ্টি হবে জঞ্জাল, নিচু জমি ভরাট হয়ে ঢাকা অচল হবে, রামপাল ধ্বংস করবে সুন্দরবন, দফায় দফায় প্রকল্প ব্যয় বাড়বে, রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করবে পুরো জাতি-দেশ।
নুরুল আমিন
ব্যবসায়ী, ঢাকা।