রূপনগরের দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রূপনগর’ নামটি শুনে যে কেউ চমকে উঠবেন, ওঠার কথাই, নাম যে রূপনগর! বাস্তবে ইরান-তুরান থেকে এই এলাকায় কেউ না এলেও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে অনেকেই বাড়িঘর, ফ্ল্যাট করেছেন ঢাকার রূপনগর আবাসিক এলাকায়। রূপনগর আজ বিভিন্ন সমস্যায় জর্জরিত।
রূপনগর সমস্যায় জর্জরিত, তবু সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বিভাগের নেই কোনো উদ্যোগ ও আগ্রহ। এই এলাকার অধিকাংশ রাস্তাঘাটের মধ্যে ২৭ নম্বর সড়কের অবস্থা খুবই বেহাল, রাস্তার ইট ও পিচ উঠে গিয়ে মাটির রাস্তার মতো হয়ে গেছে। আবার সেই সড়ক উঁচু-নিচু ও এবড়োখেবড়ো হয়ে গেছে। যে জন্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। এ সড়কটি বহু দিন ধরে এ রকম অবস্থায় থাকলেও নেই কোনো সংস্কারের উদ্যোগ।
কর্তৃপক্ষ দেখেও যেন দেখে না। তা ছাড়া এই রাস্তাটি দিয়ে অনেক রাতে অতিরিক্ত মালামালবোঝাই ট্রাক চলাচল করে, ফলে কোনো রাস্তাই টেকে না। রূপনগরের অধিকাংশ রাস্তার ওপর ময়লা-আবর্জনার স্তূপও পড়ে থাকতে দেখা যায় প্রতিদিন। এ-ও জানা গেছে, বসবাসকারী বাসিন্দাদের মধ্যে কিছু লোক ময়লা-আবর্জনা কোথায় ফেলতে হবে তাও জানে না।
এদিকে রূপনগর আবাসিক এলাকার বাসাবাড়ির বাথরুমের মল চলে যাওয়ার জন্য কোনো পয়োনিষ্কাশন নালা বা নর্দমা না থাকায় বাথরুমের মল প্রতিটি বাড়ির নিচের ময়লার ট্যাংক হয়ে নালা দিয়ে নিকটস্থ মৃতপ্রায় খালে গিয়ে পড়ছে। এতে নালা ও মৃত খালের পরিবেশ আরও দুর্গন্ধময় ও অস্বস্তিকর হয়ে উঠছে। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। রূপনগরের এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগী হবে বলে আশা রাখি।
লিয়াকত হোসেন
রূপনগর, ঢাকা।