সঠিক রোগনির্ণয়, রেডিও ও ফিজিও থেরাপি দেওয়াসহ স্বাস্থ্য খাতে মেডিকেল টেকনোলজিস্টদের অবদান অনস্বীকার্য। দেশে প্রতিবছর আটটি সরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) এবং শতাধিক বেসরকারি আইএইচটি থেকে পাঁচ হাজারের বেশি মেডিকেল টেকনোলজিস্ট বের হচ্ছেন।
অবাক হওয়ার মতো বিষয় হলো, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্টদের রেজিস্ট্রেশন দেওয়ার মতো সরকারি সংস্থা নেই। যদিও চিকিৎসক বা মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের বিএমডিসি, নার্সদের বিএনসি ও ফার্মাসিস্টদের পিসিবি থেকে রেজিস্ট্রেশন দেওয়া হয়।
মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় বাংলাদেশি মেডিকেল টেকনোলজিস্টদের প্রচুর সম্ভাবনা আছে। কিন্তু আমাদের মেডিকেল টেকনোলজিস্টদের জাতীয় রেজিস্ট্রেশন না থাকায় তাঁরা মধ্যপ্রাচ্য কিংবা আফ্রিকায় চাকরির আবেদন করতে পারেন না। এটা যেমন তঁাদের ক্ষতি, তেমনি দেশেরও ক্ষতি। কারণ, তাঁরা বিদেশে যেতে পারলে দেশ বৈদেশিক মুদ্রা পেত। এ ছাড়া রেজিস্ট্রেশনের অভাবে অনেক ভুয়া টেকনোলজিস্ট কাজ করার সুযোগ পাচ্ছেন। এতে মানুষ সঠিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। ব্যাপারটা মারাত্মক। এতে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। এই বিবেচনায় দ্রুত মেডিকেল টেকনোলজিস্টদের রেজিস্ট্রেশন দেওয়ার ব্যবস্থা করা উচিত। এটা করা হলে তাঁদেরও সুবিধা হবে।
আশীষ শীল
চট্টগ্রাম।