রেলওয়ের ভাড়া বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাড়া না বাড়িয়েই রেলওয়ের আয় বাড়ানো সম্ভব
ভাড়া না বাড়িয়েই রেলওয়ের আয় বাড়ানো সম্ভব

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০০৯-১০ অর্থবছরে ৭৫৮ কোটি টাকা, ২০১০-১১ অর্থবছরে ৯৫৮ কোটি টাকা ও ২০১১-১২ অর্থবছরে ১৫৫০ কোটি টাকা লোকসান দিয়েছে রেলওয়ে। লোকসানের পরিমাণ কমাতে ২০১২ সালের ১ অক্টোবর যাত্রী ও পণ্য ভাড়া বৃদ্ধি ও ভর্তুকি তুলে নেওয়া হয়। ফলে ২০১২-১৩ অর্থবছরে তার লোকসানের পরিমাণ কমে দাঁড়ায় ৮৮১ কোটি টাকা। ২০১৩-১৪ অর্থবছরে লোকসান হয় ৮০৩ কোটি, টাকা যা গত অর্থবছরে বেড়ে দাঁড়ায় ৯০০ কোটি টাকা।
ভাড়া বাড়ানো সত্ত্বেও বিভিন্ন অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে লাভের মুখ দেখতে পারেনি রেলওয়ে। লোকসানের পরিমাণ কমাতে আবারও যাত্রী ও পণ্য ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সরকারের গুরুত্বপূর্ণও পরিবহন খাতটিকে লোকসানের হাত থেকে বাঁচাতে হলে ভাড়া বৃদ্ধির পাশাপাশি আরও কিছু পদক্ষেপ নিতে হবে: টিকিট কাউন্টারগুলোতে টিকিট প্রাপ্তি সহজলভ্য করতে হবে, টিকিট কালোবাজারির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে, কেউ যেন বিনা টিকিটে রেলে ভ্রমণ করতে না পারে তার জন্য রেলে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে, রেলের যেসব কর্মকর্তা-কর্মচারী দুর্নীতির সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে, রেলের তেল চুরি বন্ধ করতে হবে।
এর পাশাপাশি, রেলের জমি দখলমুক্ত করে কাজে লাগাতে হবে। রেলওয়ের আয় বাড়ানোর জন্য রেলের ভূমির বাণিজ্যিক ব্যবহার ও জমির ইজারামূল্য বাড়াতে হবে। পাশাপাশি রেলের ইঞ্জিনগুলোর বগি বহনের সক্ষমতা বাড়াতে হবে এবং সক্ষমতা অনুযায়ী ইঞ্জিনগুলোতে বগি সংযোজন করতে হবে। এসব করলে হয়তো ভাড়া না বাড়িয়েই রেলওয়ের আয় বাড়ানো সম্ভব হবে।
মো. নাজমুল হুদা
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।