রেলস্টেশনের দুর্গতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাটি এলাকার প্রবেশদ্বার কুলিয়ারচর রেলস্টেশন। প্রতিদিন অষ্টগ্রাম, মিঠামইন, বাঙ্গালপাড়াসহ ভাটি এলাকার বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার লোক কুলিয়ারচর রেলস্টেশন ব্যবহার করে ঢাকায় যাতায়াত করে। ঢাকা অফিসসহ বিভিন্ন কাজের জন্য সকাল আটটায় কিশোরগঞ্জ থেকে আসা এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি কুলিয়ারচরে অবস্থান করে। কুলিয়ারচরের যাত্রীদের জন্য ‘ঝ’ বগি বরাদ্দ করা হয়েছে, যা ব্যবহারের অনুপযোগী।
আবার অতিরিক্ত যে বগি থাকে, তাও নিম্নমানের। সেখানে না থাকে ভালো শৌচাগার, না থাকে পানি, আবার এক বগি থেকে অন্য বগিতে যাওয়া যায় না। অন্য বগি দিয়ে সেখানে আসারও ব্যবস্থা নেই। এক দরজা দিয়ে না উঠতে পারলে ট্রেন ফেল। এই সমস্যা দূর করা দরকার।
দ্বিতীয়ত, স্টেশনে মানসম্মত বিশ্রামাগার নেই। যাত্রীরা স্টেশনমাস্টারের বারান্দায় ও তাঁর অফিসকক্ষে বসে থাকেন। বিশ্রামাগার যেটা আছে, তাও ব্যবহারের অনুপযোগী। সঙ্গে আছে মাছের পচা গন্ধ।
তৃতীয়ত, প্ল্যাটফর্মটি ভেঙে যাচ্ছে, এর নিচ থেকে মাটি সরে যাচ্ছে। এখানে প্রতিদিন কাজের উদ্দেশ্যে বিভিন্ন এলাকা থেকে আসা ভাসমান লোকেরা রাত্রি যাপন করছেন। ফলে পরিবেশ নোংরা হচ্ছে।
এ ছাড়া স্টেশনের ছাউনিটির অবস্থাও ভালো নয়। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবে।
সলিল রায়, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।