রেলের ভাড়া ও যাত্রীসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ের ভাড়া বেড়েছে কিন্তু সেবা কমেছে। ৮ শতাংশ ভাড়া বাড়ানোর কথা বলে মেইল ও লোকাল ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত। সাধারণ মেইল ট্রেনে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাওয়ার (আন্তনগর নয়) ন্যূনতম ভাড়া ছিল ১০ টাকা। সেই ভাড়া এক লাফে করা হয়েছে ১৫ টাকা। অর্থাৎ ভাড়া বেড়েছে ৫০ শতাংশ। এই স্টেশনের দূরত্ব দুই-তিন কিলোমিটার হলেও যাত্রীদের ১০ টাকার জায়গায় ১৫ টাকা গুনতে হচ্ছে। রেলে গরিব ও সাধারণ মানুষ চলাচল করে। আন্তনগর ও অন্যান্য সরকারি ট্রেনে বিপুলসংখ্যক বিনা টিকিটে যাত্রী ভ্রমণ করে। রেলের সরকারি ট্রেনে টিকিট পরিদর্শনের টিটিই নেই। এ জন্য বিনা টিকিটে ভ্রমণ করা যাত্রী বেড়েছে, আবার অনেক স্টেশনে বুকিং ক্লাস স্টেশনমাস্টার না থাকায় টিকিট কাটার ইচ্ছা থাকলেও যাত্রীরা টিকিট কাটতে পারেন না।

আমাদের প্রতিবেশী দেশে প্রতিবছর রেলের নতুন নতুন রুট চালু হচ্ছে। রেলের সেবা বাড়ছে, ভাড়া কমছে। অথচ আমাদের দেশে প্রতিবছর প্রতি মাসে কয়েকটি করে স্টেশন বন্ধ হয়ে যাচ্ছে। রেলের কর্মচারী কমছে। যাঁরা আছেন, তাঁরাও ঠিকমতো দায়িত্ব পালন করছেন না। এতে রেলের প্রতি যাত্রী ও  জনগণের অনীহা বাড়ছে, লোকসানের মুখে পড়ছে রেল। এভাবে একটি পরিবহন সেবা চলতে পারে না।

আবুল কাশেম খান, ঢাকা।