বাংলাদেশ রেলওয়ে লোকসানি প্রতিষ্ঠান, আর এর জন্য দায়ী রেলের কর্তাদের নেওয়া অযৌক্তিক সিদ্ধান্ত। খুলনা থেকে যশোরের দূরত্ব ৬২ দশমিক ৭০ কিলোমিটার। খুলনা থেকে ঢাকা, রাজশাহী ও সৈয়দপুরগামী আন্তনগর রেলের খুলনা থেকে যশোর পর্যন্ত ভাড়া ৫৫ টাকা। এটা নিয়ে সাধারণ মানুষের প্রশ্ন নেই।
কিন্তু যখন খুলনা থেকে নোয়াপাড়া ও নোয়াপাড়া থেকে যশোরের দূরত্ব যথাক্রমে ৩৩ ও ২৯ দশমিক ৭০ কিলোমিটার, তার ভাড়াও রেল কর্তৃপক্ষ নির্ধারণ করেছে ওই ৫৫ টাকাই। যারা ৬৩ কিলোমিটার আর ৩৩ কিলোমিটারের পার্থক্য বুঝতে পারে না, তারা রেল চালালে লোকসান হবেই। যশোর-নোয়াপাড়া, খুলনা-নোয়াপাড়ার ভাড়া ৫৫ টাকার অর্থ যাত্রীদের রেলভ্রমণে নিরুৎসাহিত করা অথবা বিনা টিকিটে ভ্রমণে উৎসাহিত করা। এতে অসাধু রেলকর্মীরা দুর্নীতির মাধ্যমে অবৈধ টাকা কামাচ্ছেন।
যশোর-নোয়াপাড়া, খুলনা-নোয়াপাড়া বাসভাড়া ৩০ টাকা, সেখানে রেলের ভাড়া দ্বিগুণ। সাধারণত রেলের ভাড়া বাসভাড়ার চেয়ে কম হয়ে থাকে। দ্বিগুণ ভাড়া দিয়ে মানুষ কেন রেলে চলবে? জবাব দেবে কে?
লোহাগড়া, নড়াইল।