রোজায় ভিন্ন ধর্মালম্বীদের জন্য ক্যানটিন চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজায় ভিন্ন ধর্মালম্বী শিক্ষার্থীদের খাবার সংকট নিরসনে চবি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। করোনায় দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষাখাতে অপূরণীয় ক্ষতি দেখা দিয়েছে। তাই এই ক্ষতি কিছুটা হলেও পূরণ করার লক্ষ্য এবং শিক্ষার্থীদের স্কুলগামী করার জন্য সরকার পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২০ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে।

এরই ধারাবাহিকতায় চবি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৩ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় খোলা রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু রোজায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে দুপুরের ডাইনিং বন্ধ থাকার কারণে চরম বিপাকে পড়েছে অন্যান্য ধর্মের সাধারণ শিক্ষার্থীরা। হলের ডাইনিংগুলোর পাশাপাশি সকল ক্যানটিন, ক্যাফেটেরিয়া ও হোটেলগুলোতে সকালের এবং মধ্যাহ্নভোজের কোনো ব্যবস্থা রাখা হয়নি। বিশ্ববিদ্যালয় খোলা রেখে ডাইনিং বন্ধ রাখায় ভিন্ন ধর্মালম্বী শিক্ষার্থীরা সকাল–দুপুরের খাবার খেতে পারছে না।

পবিত্র রমজান মাসে ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীরা রোজা রাখছে। হলে বা দোকানে তাঁদের জন্য সেহেরি ও ইফতারের ব্যবস্থা আছে। রোজাতে এমন উৎসবমুখর পরিবেশ আমাদেরও ছুঁয়ে যায়। কিন্তু খাবারের জন্য কোনো ডাইনিং বা ক্যানটিন খোলা না রাখায় দুর্ভোগও পোহাতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল কর্তৃপক্ষ অন্য ধর্মের শিক্ষার্থীদের কথা একবারের জন্যও ভাবল না। বিষয়টি খুবই দুঃখজনক।

তাই ভিন্ন ধর্মালম্বী শিক্ষার্থীদের জন্য অতিদ্রুত হলগুলোতে দুপুরের ডাইনিং চালু করা হোক বা ভিন্ন কোনো পদক্ষেপ নেওয়া হোক। ভিন্ন ধর্মালম্বী শিক্ষার্থীদের খাবারের বিড়ম্বনা দূর করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।


উৎপল মজুমদার
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়