লক্ষ্যহীন শিক্ষার ফলাফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পত্রলেখকের তিনজন নিকটাত্মীয় রয়েছেন, যাঁরা বুয়েট, রুয়েট ও কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বর্তমানে বিভিন্ন ব্যাংকে চাকরি করছেন। ব্যাংকে চাকরি করবেন, তাহলে খামোখা প্রকৌশল ও কৃষিতে কেন পড়লেন! এ বিষয়ে প্রশ্ন করা হলে তাঁদের সোজা উত্তর, ‘ব্যাংকের চাকরি তুলনামূলক আরামদায়ক এবং বেতনও বেশি।’
প্রকৌশল ও কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পেছনে প্রতিবছর সরকারের প্রায় দুই লাখ টাকা ব্যয় হয়, যা কিনা জনগণের করের টাকা থেকে আসে। তাঁরা অর্জিত বিদ্যা বিসর্জন দিয়ে ব্যাংকে ঢুকে সরকারের সে টাকাও জলে ফেললেন। গত বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। দেখলাম, অধিকাংশ পরীক্ষার্থীর কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই। তাঁরা একই সঙ্গে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দিচ্ছেন। তাঁদের কেউ কেউ দুই জায়গায় ভর্তির সুযোগ পেয়ে কোনটিতে ভর্তি হবেন, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। প্রতিবছর মেডিকেল ও প্রকৌশল বিভাগে অসংখ্য ছাত্রছাত্রী অপেক্ষমাণ তালিকায় থাকেন (আমি নিজেও বুয়েটে অপেক্ষমাণ তালিকায় ছিলাম)। তাঁরা আসন দখল করে রাখার কারণে বহু অপেক্ষমাণ প্রার্থী কাঙ্ক্ষিত বিভাগে ভর্তি হতে পারেন না।
কেউ কেউ সরকারি চাকরিকেই একমাত্র সম্মানের চাকরি মনে করেন। কারণ, সরকারি চাকরিতেই কেবল প্রশাসনিক ক্ষমতা দেখানোর সুযোগ রয়েছে। স্কুলের ক্লাসে ‘জীবনের লক্ষ্য’ নামক রচনাতে পড়েছি, ‘লক্ষ্যহীন জীবন মাঝিবিহীন নৌকার মতো’। তাঁরা যদি এ রকম লক্ষ্যবিহীন দর্শন নিয়ে পরবর্তীকালে প্রকৌশল, চিকিৎসক কিংবা ব্যাংক কর্মকর্তা হন, তাহলে তাঁদের কাছ থেকে আমরা কতটুকু দক্ষতা, আন্তরিকতা ও সততা আশা করতে পারি? আর এই পরিস্থিতিই বা কেন সৃষ্টি হচ্ছে, সেটা সরকারকে ভেবে দেখতে হবে।
তাসনুভা তাবাসসুম, শিক্ষার্থী, চুয়েট।