শিক্ষক ‘পরম শ্রদ্ধাভাজন’, ‘মানুষ গড়ার কারিগর’, ‘আলোর পথের দিশারি’—এই বিশেষণগুলো প্রযোজ্য হয় শুধু শিক্ষকের ক্ষেত্রে। অথচ সেই পরম শ্রদ্ধাভাজন শিক্ষকই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য নানা শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁরই শিক্ষার্থীদের যৌন হয়রানি করছেন! এই লজ্জা আমরা রাখব কোথায়!
যে শিক্ষক বর্ণপরিচয়ের হাতেখড়ি দেন, ছাত্রছাত্রীদের নৈতিকতা, আদর্শ ও সত্যিকারের ‘মানুষ’ হওয়ার শিক্ষা দেন; সেই শিক্ষকই আজ পঙ্কিলতার অন্ধকারে নিমজ্জিত হয়ে ছাত্রীদের সঙ্গে এমন গর্হিত কাজ করছেন, এটি ভাবতেই গা শিউরে উঠছে লজ্জায়, অপমানে, ঘৃণায়! তবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সেসব শিক্ষকের কাছ থেকে, যাঁরা এখনো শিক্ষকতার মতো মহান পেশার আদর্শ ও মহত্ত্ব ধরে রেখেছেন।
আমাদের মেয়েরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কোনো খানেই আর নিরাপদ নয়, সে প্রথম শ্রেণির ছাত্রীই হোক, কিংবা সর্বোচ্চ স্নাতকোত্তর শ্রেণির ছাত্রীই হোক! এখানে ছাত্রীটি শুধুই একটি ভোগ্যপণ্য। নারীকে পণ্য হিসেবে ব্যবহার করার সংস্কৃতি নতুন কোনো ঘটনা নয়, সমাজের প্রতি ক্ষেত্রেই তা হচ্ছে অহরহ। কিন্তু তাই বলে একজন জ্ঞানী শিক্ষক এ ধরনের ঘৃণ্য কাজ করবেন, তা কখনোই গ্রহণযোগ্য নয়। যে শিক্ষক নারীর প্রতি সম্মান দেখাতে তাঁর ছাত্রদের শিক্ষা দেওয়ার কথা; সেই শিক্ষককে শিক্ষা দেবে কে?
কেন একজন শিক্ষক এ ধরনের কাজ করেন? আসলে শিক্ষক তো একজন পুরুষই। পুরুষশাসিত সমাজে তাই একজন মেয়ে শিক্ষকের কাছেও নিরাপদ নয়। এ ধরনের অপকর্মকারী শিক্ষকের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সে সঙ্গে এসব শিক্ষককে সামাজিকভাবেও বর্জন করতে হবে।
আমাদের দেশে এ ধরনের ঘটনা ঘটার পর তদন্ত কমিটি হয়। কিন্তু সেই কমিটির রিপোর্ট প্রদানে দীর্ঘসূত্রতা, পরবর্তী ফলোআপের গুরুত্বহীনতা এবং কঠোর কোনো শাস্তির বিধান না হওয়ার কারণে বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। তা ছাড়া, নারীর প্রতি সমাজ তথা এর সদস্যদের সার্বিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনও সে সঙ্গে জরুরি।
আশা করি, আর কোনো শিক্ষক এই মহান পেশার প্রতি কালিমা লেপন করবেন না।
সাবিনা পারভীন, গোড়ান, ঢাকা।