লঞ্চে ওঠা-নামায় দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সঙ্গে বরিশাল বিভাগের যোগাযোগের প্রধান মাধ্যম নৌপথ। এ পথ দিয়ে যাত্রীসাধারণেরা একটি মাত্র সিঁড়ি দিয়ে লঞ্চে ওঠা-নামা করে এবং ওঠা-নামার সময় সিঁড়িটি কাঁপতে থাকে। লঞ্চ কর্তৃপক্ষ ওই সিঁড়িটির মাথায় একটি হাতল বা বাঁশও রাখে না। কিন্তু বললে লঞ্চের সারেং-সুকানি ও লস্কররা খেপে উঠে বলেন, ‘উঠলে উঠেন না উঠলে যান’।
শিশু-কিশোর বা নারী যাত্রীরা ওই সিঁড়ি দিয়ে ওঠা-নামা করার সময় ভয়ে চিৎকার করতে থাকেন। লঞ্চের সিঁড়ির নিচে পানি থইথই করে এবং নিচে তাকালে সত্যি ভয় করে। প্রায় লঞ্চের সিঁড়িগুলো লক্কড়ঝক্কড় করে। সিঁড়িটি রশি দিয়ে ভালোভাবে বাঁধা হয় না। এ ছাড়া, টার্মিনালে কুলিদের চার্জ নিয়ে দৌরাত্ম্য বেড়েছে এবং অবৈধ লোকের উৎপাত ও দোকানপাটের সমাগম বৃদ্ধিতে লঞ্চে ওঠা-নামা বা চলাফেরা করা দায় হয়ে পড়েছে।
লঞ্চে ওঠা-নামার সময় নদীতে পড়ে না যায় সে জন্য সিঁড়ির মাথায় একটি হাতল বা বাঁশের ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
মাহবুবউদ্দিন চৌধুরী
পশ্চিম ধানমন্ডি, ঢাকা।