লটারিতে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতীতের নানা তিক্ত অভিজ্ঞতা বিবেচনায় বিগত তিন-চার বছর যাবৎ সরকারি নির্দেশক্রমে দেশের সব স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষার বদলে ভর্তি লটারি প্রথা চালু হওয়ায় অনেকের মনে একধরনের স্বস্তির ভাব লক্ষ করা গিয়েছিল। কিন্তু মাত্র কয়েক বছরের ব্যবধানে এখানেও অনিয়ম আর অনৈতিক চর্চার অভিযোগ উঠতে শুরু করেছে।
ঢাকা শহরের নামকরা স্কুলগুলোতে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আবেদনপত্র আসনসংখ্যার চেয়ে কয়েক গুণ বেশি জমা পড়ে থাকে। দেখা গেছে, কোনো কোনো ‘বুদ্ধিমান’ অভিভাবক লটারিতে নিজ সন্তানের নির্বাচনের সম্ভাবনা বৃদ্ধির লক্ষ্যে একাধিক আবেদনপত্র জমা দেন। এতে করে নিয়মনীতি অনুসরণ করে এবং বিবেকের তাড়নায় যাঁরা মাত্র একটি করে ভর্তি ফরম জমা দেন, তাঁদের সন্তানদের লটারিতে নির্বাচিত হওয়ার সুযোগ সীমিত হয়ে পড়ে এবং বঞ্চিত হয়। অথচ সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ আন্তরিক হলে এ ধরনের অসাধু প্রবণতা সম্পূর্ণ বন্ধ করা মোটেও অসম্ভব নয়।
প্রথম শ্রেণির ভর্তির লটারিতেও যদি এমন শঠতা বা অনৈতিক প্রবণতা চলতে দেওয়া হয়, তাহলে তার কুপ্রভাব কোমলমতি শিশুদের ওপর পড়তে বাধ্য। এই প্রবণতা রোধ করতে হবে।
শাহীদুল আযম, ঢাকা।