
পয়লা বৈশাখে নারী লাঞ্ছনাকারীরা কেন এখনো ধরাছোঁয়ার বাইরে? ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরা থেকে সংগৃহীত ভিডিও ফুটেজে যে কয়জনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে, তারা এখন কোথায়?
পরবর্তী সময়ে পুলিশও যে আটজনকে শনাক্ত করেছে, তাদের সঙ্গে গণমাধ্যমে প্রদর্শিত ছবির মিল রয়েছে। কিন্তু এখন পর্যন্ত এসব অপরাধীকে গ্রেপ্তার করা দূরে থাক, তাদের আসল পরিচয়টাও এখনো জানা গেল না।
ঘটনা দেখে মনে হয়, তারা সংঘবদ্ধ একটি বখাটে চক্র এবং ঢাকা শহরের আশপাশেই তাদের অবস্থান। গণমাধ্যমে তাদের ছবি প্রচারিত হওয়ার এত দিন পরও তাদের পরিচয় জানতে না পারাটা আইনশৃঙ্খলা বাহিনীর যেমন ব্যর্থতা, তেমনি এ ব্যর্থতা সরকারের। এমনকি ছাত্র ইউনিয়ন তাদের গ্রেপ্তারে দাবিতে ডিএমপি কমিশনারের কাছে স্মারকলিপি পেশ করতে গেলে পুলিশ তাদের লাঠিপেটা করে। এটা সত্যিই লজ্জার!
প্রশ্ন হচ্ছে, তাদের কেন গ্রেপ্তার করা যাচ্ছে না? এই লাঞ্ছনাকারীরা কি ভিন্ন গ্রহের বাসিন্দা!
শহীদুল আলম শহীদ, রাউজান, চট্টগ্রাম।