বিএনপির নেতৃত্বাধীন ২০–দলীয় জোটের ডাকা অবরোধের দুই মাস পার হয়ে গেল। সঙ্গে হরতাল চলছেই। প্রতিদিন লাশের মিছিল বেড়েই চলেছে। প্রতিদিনই ঘটছে প্রাণহানি। মরছে সাধারণ মানুষ, বার্ন ইউনিটে দগ্ধদের আর্তনাদ-আহাজারি বেড়েই চলেছে। সঙ্গে পুড়ছে যানবাহনও। সরকারের একাধিক ব্যক্তি ঘোষণা দিয়েছিলেন, হরতাল-অবরোধে যানবাহন চালাতে গিয়ে ক্ষতি হলে ক্ষতিপূরণ দেওয়া হবে। ইতিমধ্যে অনেকে ক্ষতিপূরণ পেয়েছেনও, কিন্তু জীবনের ক্ষতিপূরণ আদৌ দেওয়া কি সম্ভব?
সরকার হার্ডলাইনে থাকলেও নাশকতা, হামলা, ভাঙচুর ঠেকাতে অনেকটাই ব্যর্থ হয়েছে। প্রতিদিনই দুষ্কৃতকারী গ্রেপ্তার হলেও নতুন করে নতুন জায়গায়ও জ্বালাও-পোড়াও হচ্ছে। নির্ধারিত সময়ে যেতে পারছে না ট্রেনগুলো। গণহারে গ্রেপ্তার, ভয়ভীতি কিংবা গুলি করে আন্দোলন ঠেকানো কি সম্ভব? বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) প্রধানের সরাসরি গুলির অনুমতি দেওয়াটা কতটা মানবাধিকারসংগত, তা ভাববার বিষয়।
পোশাক রপ্তানিকারকদের সংগঠনের সভাপতি বলেছেন, এক পোশাক খাতেই প্রতিদিন লোকসান হয় সাড়ে ৪০০ কোটি টাকা। এ ছাড়াও সব ক্ষেত্রে অবরোধ-হরতালে তো ক্ষতি হচ্ছেই। সাধারণ মানুষ কেন বলির পাঁঠা হচ্ছে! কেন তাদের মরতে হচ্ছে? উত্তর পাব না জানি, তবু জানতে চাই, আর কত লাশ দেখতে হবে?
এ কে এম কায়সারুল আলম সোহাগ
লালমনিরহাট