ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পানি আর রক্ত একসঙ্গে থাকতে পারে না। কথাটা চিরসত্য। কিন্তু এই উপমহাদেশের পানিতে রক্ত ক্রমাগত মিশছেই। এই বাস্তবতার হাত থেকে যেন আমাদের নিস্তার নেই। মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন, লিভ অ্যান্ড লেট লিভ। এই অমোঘ নীতি পালিত না হলে পৃথিবী বাসের অযোগ্য হয়ে পড়বে। অথচ এই সাধারণ সত্যটা যেন আমরা প্রায়ই ভুলে যাই।
দেশভাগ হয়েছে আজ ৬৭ বছর হলো। কিন্তু যে বাস্তবতায় এই দেশভাগ হয়েছিল, তা যেন আজও আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। কাশ্মীরে উত্তেজনা বাড়ছে। দুই দেশের সেনাবাহিনী কয়েক দিন পরপরই গোলাগুলি করছে। এক দেশের সীমানা অতিক্রম করে ভেতরে ঢুকে হামলা চালাচ্ছে।
মনে হয়, কোনো পক্ষই চায় না, এই উত্তেজনা থামুক। এতে তাদের উভয়েরই লাভ। এ যেন উত্তেজনার ব্যবসা। আমরা চাই, নদীতে শুধু পানিই প্রবাহিত হোক, রক্ত নয়। তার জন্য উভয় দেশকেই রাজনৈতিক ঐকমত্যে আসতে হবে, পরিবর্তন করতে হবে মানসিকতার। আসুন, আমরা সমস্বরে বলি, লিভ অ্যান্ড লেট লিভ।
রাধাকান্ত রায়, ঢাকা।