লেনিনের সংখ্যা বাড়লে ক্ষতি কী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ জুলাই প্রথম আলোতে বদরুদ্দীন উমরের সাক্ষাৎকারটি পড়ে হতাশ হয়েছি। নিজে তিনি একজন বামপন্থী ও পণ্ডিত ব্যক্তি কিন্তু তাঁর সাক্ষাৎকারজুড়ে রয়েছে প্রবল বাম বিরোধিতা। বামপন্থীদের নিয়ে কটাক্ষ, সমালোচনা, পরিহাসে তিনি কাদের সুবিধা করে দিলেন? বামপন্থীদের ভুলের দায় থেকে তিনি নিজে কি মুক্ত?
চীনপন্থীদের মধ্যে বুদ্ধিবৃত্তিক সামর্থ্যবান কোনো নেতা তিনি পাননি। অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পেশা ত্যাগ করে আশ্রয় নিয়েছিলেন চীনপন্থী ধারার (তাঁর ভাষ্যমতে) বুদ্ধিহীন-সামর্থ্যহীনদের ছায়াতলে। তাঁর দলের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলী গৃহীত সিদ্ধান্ত–সংবলিত স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা কায়েমের লক্ষ্যে পাকিস্তানি হানাদার বাহিনী ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণের আহ্বানটি পার্টির সর্বস্তরে সার্কুলার আকারে বিলি-বণ্টন করা হয়েছিল। পার্টি-সংশ্লিষ্ট হয়েও উমর কী করে বলেন প্রথম দিকের সিদ্ধান্ত পাল্টে দুই কুকুরের লড়াই–তত্ত্ব গৃহীত হয়েছে? তাঁর জানার কথা, যশোরের পার্টির নেতা-কর্মীরা সক্রিয়ভাবে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে তখন যুদ্ধ করছিলেন। দুই কুকুরের লড়াই–তত্ত্ব প্রচারকারীরা ছিলেন পার্টির অতি নগণ্য অংশ। তত্ত্বটি পার্টির সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্তের ঠিক বিপরীত।
সিপিবিকে জনাব উমর বাকশালের গর্ভে জন্ম নেওয়া পার্টি বলেছেন। এ বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার–বহির্ভূত এবং ব্যক্তিগত আক্রোশ-বিদ্বেষের শামিল। নিজেকে অতি বিশুদ্ধ কমিউনিস্ট বিবেচনা করে অন্য সব বামপন্থীকে নাকচ করার তাঁর এই প্রবণতা ভয়ংকর। বিরাজমান পরিস্থিতিতে নানা ইস্যু নিয়ে বামপন্থীদের ঐক্যবদ্ধ একটি আন্দোলন-সংগ্রামেও বদরুদ্দীন উমর বা তাঁর দল কখনো অংশগ্রহণ করেনি। তাঁর ভাষায় দেশের বাম দলগুলোতে যদি লেনিনের সংখ্যা বেশি হয়, তাতে ক্ষতি কী; গুন্ডা, বদমাশ, চাঁদাবাজ, টেন্ডারবাজ না হয়ে যদি তারা লেনিন হয়, তাতে আপত্তির কী আছে! বামপন্থীরা ক্ষুদ্র হলেও জাতির ক্রান্তিলগ্নে ইস্যুভিত্তিক আন্দোলন-সংগ্রাম করছে।
বদরুদ্দীন উমরের সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় কবি জাহিদ হায়দার লিখেছেন, ‘মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করতে যাওয়ার পথে কিংবা যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে ফিরে আসার পর অনেক মুক্তিযোদ্ধাকে পিকিংপন্থীরা “কুকুরের” মতো গুলি করে মেরেছে।’ কিন্তু এটাও সত্য যে মুজিব বাহিনীর হাতে অনেক বামপন্থী মুক্তিযোদ্ধা খুন হয়েছেন।
উমরের বক্তব্যে বামবিরোধীরা উল্লসিত হবেন।
ম. ইসলাম
লালবাগ, ঢাকা।