লোকাল বাসের বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকাল বাসের কথা চিন্তা করলেই চোখের সামনে ভেসে ওঠে উপচে পড়া ভিড় ও বিশৃঙ্খলাপূর্ণ ছোট বা মাঝারি বাসের চিত্র। এই বাসের প্রচলন হয় মূলত যাত্রীসেবার উদ্দেশ্যে, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায়, গাড়িওয়ালারা তাঁদের পকেট সেবাতেই ব্যস্ত। অন্যায্যভাবে অধিক ভাড়া আদায়ের ক্ষেত্রে তাঁরা যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতেও কুণ্ঠাবোধ করেন না।
এ ক্ষেত্রে দূরত্ব অনুযায়ী ভাড়া নির্দিষ্ট করে তালিকা টাঙানোর মাধ্যমে ন্যায্য ভাড়া নিশ্চিত করা যেতে পারে। আবার যাত্রী ওঠানোর জন্য বিভিন্ন জায়গায় বাসগুলো অনেকক্ষণ দাঁড়ালেও, যাত্রী নামানোর জন্য সময় দিতেই চায় না। তাই যাত্রীদের দুর্ভোগ বাড়ার পাশাপাশি সড়ক দুর্ঘটনার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এর মূল কারণ হচ্ছে, অধিক যাত্রী তোলার আশায় যেখানে-সেখানে বাস দাঁড় করিয়ে তাঁরা সময় নষ্ট করেন, আর তা পুষিয়ে নিতে পরবর্তী সময়ে বেপরোয়া গতিতে গাড়ি চালান।
লোকাল গাড়ির যাবতীয় অনিয়ম পর্যবেক্ষণ করে আশু সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।
নূরজাহান তন্বী, সিলেট।