১৯৪৯ সাল থেকে বাংলাদেশে তাপমাত্রা রেকর্ড শুরু হয়। এর মধ্যে ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা। চলতি মৌসুমে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০০০ সালে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। ফলে এবারের গরম ১৪ বছরের রেকর্ড ভাঙল।
রোদের দাবদাহে অতিষ্ঠ রাজশাহীবাসী। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলের আবাসিক শিক্ষার্থীদের দুর্ভোগ বাড়ছে। ঘন ঘন লোডশেডিংয়ে জীবন অতিষ্ঠ। সারা দিন প্রখর রোদে ট্যাংকের পানি প্রচণ্ড গরম হয়। সেই গরম পানি খাবার ও গোসলের কাজে ব্যবহার করায় ঠান্ডা জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়াসহ নানা রোগে শিক্ষার্থীরা আক্রান্ত হচ্ছে। যাদের সামনে পরীক্ষা রয়েছে, তাদের অবস্থা আরও করুণ। এভাবে আর যাই হোক, পড়াশোনা করা যায় না।
মোরছালিন ইসলাম
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।