শরণার্থী-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে সেখানকার মানুষেরা ইউরোপের পথে রওনা দিয়েছে। যুদ্ধে যেমন বহু মানুষের মৃত্যু ঘটছে, তেমনি এই অভিবাসন যাত্রায়ও অনেক মানুষ মারা যাচ্ছে। মানুষ এই মরণফাঁদ সম্পর্কে সম্পূর্ণভাবে জ্ঞাত হওয়া সত্ত্বেও মৃত্যুর মিছিলে ভিড় করছে, আসলে ভিড় করতে বাধ্য হচ্ছে।
নিজ দেশে থাকলেও যুদ্ধের গোলাগুলিতে মরবে, তাই তারা সলিলসমাধিকে মৃত্যুর অন্য পথ হিসেবে বেছে নিয়েছে।
মৃত্যুর কত রূপ হতে পারে, তা বিশ্ববাসী করুণ দৃষ্টিতে দেখছে। মানুষের শবদেহ কোথায় না পাওয়া যাচ্ছে—ভূমধ্যসাগরের অতল জলে, ভাসমান ট্রলারে, এমনকি হাইওয়ের লরিতে পর্যন্ত! আর বালুর শয্যায় শিশু আয়লানের নিথর দেহ তো বিশ্ববিবেককে নাড়িয়ে দিয়েছে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, শুধু সিরিয়ায় বাস্তুহারা হয়েছে প্রায় ৪০ লাখ মানুষ। জার্মানি, ইতালি, গ্রিস প্রভৃতি দেশ শরণার্থীর চাপ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে। ওদিকে যুক্তরাজ্য সরকার এখন কিছুটা নমনীয় হলেও প্রথমে কোটি কোটি পাউন্ড খরচ করে শরণার্থী ঠেকাতে পাহারা জোরদার করেছিল। বাদ যায়নি কানাডা সরকারও, আয়লানের বাবা আবদুল্লাহ কুর্দির সে দেশে রাজনৈতিক আশ্রয়লাভের আবেদন অভিবাসন কর্তৃপক্ষ বাতিল করেছিল।
কথা হচ্ছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণেই এই সংকট সৃষ্টি হয়েছে। বিশ্ব নেতৃত্বের উচিত, এই সংকট মোকাবিলায় যথাযথ পদক্ষেপ নেওয়া।
ডা. অতনু দাশগুপ্ত
উত্তরা, ঢাকা।