কবি ফররুখ আহমদের ভাষায় বলতে হয়, নতুন দেশ দখলের, ভূমি দখলের, শাসক বদলের, গণতন্ত্র রপ্তানির যুদ্ধের অবসানের কত দেরি পাঞ্জেরি? শিবিরে বসে শরণার্থীরা সবকিছু ঠিক হয়ে যাওয়ার দিন গোনে। তাদের এ অবস্থার জন্য দায়ী কে? কে দায়ী আয়লানের মৃত্যুর জন্য? সিরিয়ার গৃহযুদ্ধে ২ কোটি ৩০ লাখ মানুষের অর্ধেকের বেশি ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে, প্রায় ৩০ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে, ৪০ থেকে ৪৫ লাখ মানুষ দেশের বাইরে শরণার্থী হয়েছে, এদের শরণার্থী বানাল কারা, এর জন্য দায়ী কে?
প্রথমত, এর জন্য পশ্চিমাদের রাজনীতিকে দায়ী করা যায়। পশ্চিমারা তথাকথিত উদার গণতান্ত্রিক চেতনার সূত্র ধরে বিশ্বশান্তির নামে ও পশ্চিমা গণতন্ত্র রপ্তানির নামে গৃহযুদ্ধ বাধিয়ে চলেছে। দেশে দেশে স্বৈরতান্ত্রিক সরকারকে সমর্থন জুগিয়েছে, সরবরাহ করেছে মারণাস্ত্র। যুদ্ধ তারাই জিইয়ে রেখেছে। কেননা, তারাই তো মারণাস্ত্রের নির্মাতা ও বিক্রেতা। এর দায় ইউরোপীয় পরাশক্তিগুলো এড়াতে পারে না।
দ্বিতীয়ত, এর দায় আরব শাসকদের। তাঁরা ইরান ও সিরিয়াকে এক ঢিলে ঘায়েল করতে জিহাদ সৃষ্টি করেছিলেন। এমনকি তাঁরা দিনের পর দিন সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনকে সমর্থন জুগিয়েছেন। তাঁরা নিজ দেশের জনগণকে গণতন্ত্রের স্বাদ দিতে প্রস্তুত নন। তাঁরা শুধু অন্য দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অর্থের জোগান দিতে পারেন, জিহাদ করতে পারেন, সামরিক অভিযান চালাতে পারেন, পারেন আরও অনেক কিছু করতে।
তৃতীয়ত, সমস্যার সমাধান তাঁদেরই করতে হবে, কেননা যুদ্ধ তাঁরাই বাধিয়েছেন। বিশ্ব সম্প্রদায়কে এ লক্ষ্যে একত্র হতে হবে।
মো. নাজমুল হুদা
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।