শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা
১৪ ডিসেম্বর ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিনটি বাংলাদেশের মানুষ গভীর শোক আর বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের। ১৯৭১ সালে দেশ শত্রুমুক্ত হওয়ার মাত্র দুদিন আগে পাকিস্তানি হায়েনা এবং তাদের এদেশীয় দোসরেরা পরিকল্পিতভাবে হত্যা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের।
বুদ্ধিজীবী হত্যার মূল উদ্দেশ্য ছিল বাংলাকে মেধাশূন্য করা। বছরে এই দিনটি এলে জাতি শোকে মুহ্যমান হয়ে যায়। সারা দেশে মানুষ মোমবাতি প্রজ্বালন করার মাধ্যমে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানায়। আমরা যখন নীরবে মোমবাতি জ্বালিয়ে বধ্যভূমির দিকে যাই, তখন কিন্তু দুঃখ লাগে এবং কষ্ট পাই যখন দেখি ১৪ তারিখে রাজশাহী মহানগরের সরকারি ভবনগুলো আনন্দের আলোকসজ্জায় সজ্জিত হয়।
রাজশাহীর বধ্যভূমিতে কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীকে আসতে দেখা যায় না। যাঁদের ত্যাগ এবং আত্মদানের বিনিময়ে আমরা এ বিজয় অর্জন করেছি, তাঁদের আত্মার প্রতি আমাদের সবার শ্রদ্ধা দেখানো উচিত। তাই সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি অনুরোধ, শোক দিবসে এ ধরনের আলোকসজ্জা না করে শহীদদের প্রতি যথাযথ উপায়ে শ্রদ্ধা জানান।
শাহ মো. জিয়াউদ্দিন, দরিখোরবোনা, রাজশাহী।