লাবণ্য হিজড়া সম্প্রদায়ের এক সাহসী মানুষ। ব্লগার ওয়াশিকুরকে খুন করে খুনিরা পালিয়ে যাওয়ার সময় লাবণ্য তাদের দুজনকে জাপটে ধরে আটকে ফেলেন। এর আগে পুলিশ কর্মকর্তা শাহীন ও ভাঙা হাত নিয়ে কাভার্ড ভ্যানচালক রফিক তাদের ধাওয়া করেন। কিন্তু রাস্তায় হাজার হাজার মানুষ থাকলেও কেউ এগিয়ে আসেনি, এসেছেন লাবণ্য।
এই শহরে মানুষের অনুভূতি যেন ভোঁতা হয়ে গেছে। আমরা অপরের বিপদ দেখেও সাহস করে এগিয়ে যাই না। ভাবি, দরকার কী, আমার তো কিছু হয়নি। কিন্তু একটি সমাজ এভাবে চলতে পারে না। মানুষের যূথবদ্ধতাই এ সভ্যতা সৃষ্টি করেছে।
আমাদের মনে রাখতে হবে তরুলতা সহজেই তরুলতা, পশুপক্ষী সহজেই পশুপক্ষী, কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টায় তবে মানুষ। সেই মানুষ হওয়ার পরীক্ষায় লাবণ্য কৃতিত্ব দেখালেন। পুলিশ কর্তৃপক্ষের উচিত লাবণ্যকে পুরস্কৃত করা। এই দৃষ্টান্ত অন্য নাগরিকদেরও বিপদগ্রস্ত মানুষের দিকে সহযোগিতার হাত বাড়ানোর উৎসাহ জাগতে পারে। একই সঙ্গে রফিক ও লাবণ্যর নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। পুলিশ কর্মকর্তা শাহীনকেও সতর্ক থেকে দায়িত্ব পালন করে যেতে হবে।
ভূঁইয়া কিসলু, নোয়াখালী।