জাতীয় শিক্ষানীতিতে শারীরিক শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিকে বাংলা, ইংরেজি ও তথ্যপ্রযুক্তির সঙ্গে শারীরিক শিক্ষা জেএসসি ও এসএসসিতে বাধ্যতামূলক করা হয়েছে। মাধ্যমিকের ধারাবাহিকতায় উচ্চমাধ্যমিকে বিষয়টি পাঠ্যক্রমভুক্ত হয়নি।
বিদ্যমান জনবলকাঠামোর আওতায় প্রতিটি কলেজে একজন শারীরিক শিক্ষক কর্মরত আছেন। উল্লেখ্য, সংশ্লিষ্ট বিষয়টি উচ্চমাধ্যমিকে পাঠ্যক্রমভুক্ত করলে শিক্ষকের পদ সৃষ্টি ও পদায়নে সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় হবে না। প্রভাষকের মর্যাদায় শরীরচর্চা শিক্ষকেরা পাঠদান করতে পারবেন। শারীরিক শিক্ষা বিভাগের জনবল দিয়েই যশোর বিজ্ঞান প্রযুক্তি, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিষয়ে চার বছরের অনার্স ডিগ্রি চালু হয়েছে। একইভাবে কলেজ পর্যায়ে বিষয়টি অনায়াসে বাস্তবায়ন করা সম্ভব।
পরিশেষে কলেজ পর্যায়ে খেলাধুলার প্রচার প্রসার ও মাদকমুক্ত যুবসমাজ গঠনকল্পে ২০১৬ সালে উচ্চমাধ্যমিকে সংযোজিত নতুন বিষয়ের মধ্যে ‘শারীরিক শিক্ষা’ অন্তর্ভুক্ত করার জন্য শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
চঞ্চল কুমার কর্মকার
কুষ্টিয়া।