শালদুধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুর জন্য শালদুধের উপকারিতা অনেক। শালদুধ অত্যন্ত পুষ্টিকর। মায়ের দুধে অ্যান্টিবডি থাকে, যা শালদুধে বিদ্যমান। সাধারণত, যেকোনো রোগের টিকা দেওয়ার দুই-চার সপ্তাহ পর তা কার্যকর হয়, অর্থাৎ রোগ প্রতিরোধ করতে পারে। কিছু টিকা আছে, যা একাধিক ডোজ দেওয়ার পর শিশু সেই বিশেষ রোগটি প্রতিরোধ করতে সক্ষম হয়। কিন্তু ‘শালদুধ’ বিশেষ গুণসম্পন্ন বলে তাৎক্ষণিকভাবে কার্যকর, যা একই সঙ্গে অনেক রোগ প্রতিরোধ করতে পারে। আর সে জন্যই শালদুধ হচ্ছে শিশুর প্রথম টিকা।
শিশু জন্মের পরপরই এসে পড়ে অসংখ্য জীবাণুপূর্ণ এক পরিবেশে, বিশেষ করে আমাদের মতো দেশে। তাই তাকে সুরক্ষার জন্য যত দ্রুত সম্ভব শালদুধ দিতে হবে। শিশুর জন্মের প্রথম দু-তিন দিন মায়ের বুকে শালদুধ আসে। দৈনিক ১৫ থেকে ৩০ মিলি লিটার পর্যন্ত ঘন আঠালো হলুদাভ শালদুধ তৈরি হয়। পরিমাণে কম হলেও জন্মের পর একটি শিশুর খাবার হিসেবে, রোগ প্রতিরোধক হিসেবে যা যা প্রয়োজন, তার সবই শালদুধে আছে। এতে সাধারণ দুধের চেয়ে অনেক বেশি রোগ প্রতিরোধক উপাদান আছে। শালদুধ মূলত ল্যাকজেটিভ হিসেবে কাজ করে। এটি খেলে শিশুর কালো পায়খানা বা মিকোনিয়াম সহজে বের হয়ে যায়। মিকোনিয়াম বেশি সময় খাদ্যনালিতে থাকলে শিশুর জন্ডিস হতে পারে। তাই সুস্থ শিশু পেতে হলে সব শিশুকে শালদুধ দিতে হবে। ইদানীং এ-বিষয়ক সচেতনতা সৃষ্টি হয়েছে। এটা ভালো লক্ষণ।
অমিত বণিক ও বাঁধন বণিক
কটিয়াদী, কিশোরগঞ্জ।