বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সম্প্রতি চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রিলিমিনারি (বাছাই পরীক্ষা) আগামী আগস্ট মাসে। তারপর ডিসেম্বর মাসে লিখিত পরীক্ষা। কিন্তু এনটিআরসিএ কর্তৃপক্ষের একটি সমস্যার কারণে লাখ লাখ পরীক্ষার্থীর মনে সংশয় ও হতাশা বিরাজ করছে। সেটা হলো উপজেলা ও জেলাভিত্তিক শূন্যপদের সংখ্যা বিজ্ঞপ্তিতে না থাকা।
সম্প্রতি ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। কিন্তু লিখিত পরীক্ষা ভালো দিয়েও অনেকে উত্তীর্ণ হতে পারেননি। কারণ, উপজেলায় পদ ফাঁকা নেই। চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় একই সমস্যা হতে চলেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ‘উপজেলাভিত্তিক’ মেধাতালিকা করা হবে। কিন্তু বিজ্ঞপ্তিতে কোন উপজেলায় কোন বিষয়ের কী পরিমাণ শূন্য বা ফাঁকা পদ আছে, তা উল্লেখ নেই। ফলে লাখ লাখ পরীক্ষার্থী মনে সংশয় ও হতাশা নিয়ে নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন করছেন। কেননা পরীক্ষার্থীরা জানেন না, আদৌ তাঁর উপজেলায় শূন্যপদ আছে কি না।
বেকার পরীক্ষার্থীর সঙ্গে এভাবে সময় ও অর্থ নিয়ে খেলা করার কী মানে! সরকারি দপ্তরের কাছ থেকে আমরা কি এতটুকু সংবেদনশীলতা আশা করতে পারি না?
সাধন সরকার
ঢাকা।