নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ লাখো বেকারের বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক পদে নিয়োগপ্রাপ্তির আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় থেকে মাত্র ১২ হাজার ৬১৯ জন শিক্ষককে নির্বাচিত করে তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় লক্ষণীয়, একজন প্রার্থীকে ১০ থেকে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে, অনেক প্রার্থী ৫০ থেকে ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদের জন্য আবেদন করে একটিতেও নিয়োগের জন্য বিবেচিত হননি। একজন প্রার্থী যত খুশি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদে আবেদন করতে পারবেন, এ নিয়ম চালু করায় বহু প্রতিষ্ঠানের শূন্যপদে আবেদন করে তাঁরা অনেক টাকা ব্যয় করেছেন। অন্যদিকে, শিক্ষক নিয়োগে জটিলতাও বেড়ে গেল।
একজন নির্বাচিত শিক্ষকের পক্ষে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদানের সুযোগ নেই। কোনো শিক্ষককে নির্দিষ্ট একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্বাচিত না করায় একদিকে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদ পূরণ হবে না, অন্যদিকে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত বেকারদের ওই শূন্যপদে চাকরির সুযোগ থাকছে না। বেকারেরা চাকরির সুযোগ থেকে বঞ্চিত হবেন।
এ অবস্থায় সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের শূন্য পদসংখ্যা নির্ধারণ করে সুষ্ঠু নিয়মনীতির মাধ্যমে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের জ্যেষ্ঠতা বিবেচনায় নিয়ে ‘পুরুষ-মহিলা’ কোটা নির্ধারণ করে বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হোক।
মো. শাহজাহান খন্দকার, কুমিল্লা।