শিক্ষক নিয়োগের নীতিমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযথ প্রস্তুতি, পরিকল্পনা ও সময়মতো বাস্তবায়নের উদ্যোগ না থাকায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চারটি ইতিবাচক সিদ্ধান্ত শেষ পর্যন্ত নেতিবাচক প্রতিক্রিয়া ও অসন্তোষের জন্ম দিচ্ছে। নিয়োগ, পদোন্নতি ও বেতন-ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্তগুলো কার্যকর করতে গিয়ে জট পাকিয়ে ফেলছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে অন্যতম ছিল ‘শিক্ষক পুল নির্বাচন’। লম্বা ছুটিতে থাকা শিক্ষকদের স্থলে অস্থায়ীভাবে নিয়োগের জন্য পরীক্ষা নিয়ে ১৫ হাজার তরুণ-তরুণীকে নির্বাচন করা হয় দুই বছর আগে। কিন্তু এখন পর্যন্ত তাঁদের নিয়োগ দেওয়া হয়নি।
ইতিমধ্যে অনেকের চাকরির বয়স শেষ হয়ে গেছে। পুল থেকে শিক্ষক নিয়োগ বর্তমান সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, যে পুল শিক্ষক নিয়োগ নীতিমালা ২০১৪ প্রণীত হয়েছে, তা দায়সারা বলেই প্রতীয়মান হয়।
নীতিমালার শর্তগুলো হচ্ছে: ১. নিয়োগটি কখনো স্থায়ী হবে না। ২. সম্মানী ভাতা হবে ছয় হাজার টাকা মাত্র। ৩. একনাগাড়ে সাত দিন অনুপস্থিত থাকলে নিয়োগ বাতিল হবে। ৪. তাঁরা সরকারি ছুটি ছাড়া অন্য কোনো ছুটি ভোগ করতে পারবেন না। ৫. ছয় মাসের জন্য নিয়োগ দেওয়া হয়েছে, তবে প্রয়োজনে বৃদ্ধি করা যেতে পারে। প্রশ্ন হলো, এ নীতিমালায় পুল শিক্ষকদের সুযোগ-সুবিধাকে অগ্রাধিকার দেওয়া হয়নি।
একটি উদাহরণ দিই। যেখানে চতুর্থ শ্রেণির কর্মচারীদের বেতন আট হাজার টাকা, সেখানে একজন পুল শিক্ষকের বেতন ছয় হাজার টাকা। আমরা পরীক্ষা দিয়েও স্থায়ীভাবে নিয়োগ পাচ্ছি না।
উল্লেখ থাকে যে গত ৪ জুলাইয়ের বিজ্ঞাপনে ছিল ৩১ জুলাইয়ের মধ্যে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। অথচ এক মাস পার হলেও নিয়োগ দেওয়া হয়নি।
তাই এই নিয়োগ স্থায়ীভাবে হওয়া প্রয়োজন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

অসীম সাহা
সীতাকুণ্ড, চট্টগ্রাম।